১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭

শপথ নিলেন জামায়াতের এমপিরা

জামায়াতের এমপিদের শপথ   © সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। নবনির্বাচিত এই সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এর আগে সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একটি বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, 'বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া পর্যন্ত জামায়াতের নির্বাচিতরা কোনো শপথই নেবেন না।' তবে পরবর্তীতে অবস্থান পরিবর্তন করে জামায়াত তাদের পূর্বনির্ধারিত সময়েই সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আবদুল্লাহ মুহাম্মদ তাহের এ প্রসঙ্গে বলেছিলেন, 'দুপুর ১২টায় জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত ছিল। তাঁরা সেখানে যাবেন।'

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী অভাবনীয় সাফল্য অর্জন করেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসনে জয়লাভ করে দেশের প্রধান বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এ ছাড়া দলটির নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সব মিলিয়ে মোট ৭৭টি আসন পেয়েছে।