০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০

রাজধানীর ৬ স্থানে জনসভা করবেন তারেক রহমান

তারেক রহমান  © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আজ রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ছয়টি সংসদীয় আসনে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর দুইটায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভার মাধ্যমে তিনি আজকের কর্মসূচি শুরু করবেন। এরপর দিনভর রাজধানীর গুরুত্বপূর্ণ আরও পাঁচটি স্থানে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। 

গতকাল শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের উপদেষ্টা ও কমিটির মুখপাত্র মাহদী আমিন এই কর্মসূচির বিস্তারিত জানান।

নির্ধারিত সূচি অনুযায়ী, ইসিবি চত্বরের জনসভা শেষে তারেক রহমান দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে বক্তব্য দেবেন। এরপর বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে এবং ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে জনসভায় অংশ নেবেন তিনি। বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সবশেষে সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুল সানভ্যালি মাঠে তার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলিয়ে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন বিএনপির চেয়ারম্যান। আজকের ধারাবাহিকতায় আগামীকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় আরও আটটি জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। মাহদী আমিন জানান, ‘নির্বাচনের আগে রাজনৈতিক দল এবং জোটসমূহের সংখ্যালঘু জনগোষ্ঠীকে উপেক্ষা এবং অবহেলার নেতিবাচক প্রভাব নির্বাচনেও প্রতিফলিত হতে পারে’—এ ধরনের আশঙ্কার বিপরীতে বিএনপি সব শ্রেণির মানুষের অধিকার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী প্রচারণার এই শেষ সময়ে তারেক রহমানের এই নিবিড় গণসংযোগ নেতা-কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করছে।