কালীগঞ্জে জাতীয় পার্টির ১৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পার্টির ১৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের থানা রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁনের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ মোল্লা এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিবুর রহমান মিনি।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উপজেলা জাতীয় পার্টির পৌর শাখার সভাপতি সাংবাদিক এনামুল হক সিদ্দিক, উপজেলা সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম আমিরসহ ১৫ নেতাকর্মী। এর আগে তারা জাতীয় পার্টি থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেন।
এ বিষয়ে সাংবাদিক এনামুল হক সিদ্দিক বলেন, ‘দলীয় কার্যক্রম না থাকায় গত ৫ ফেব্রুয়ারি আমরা জাতীয় পার্টি থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়েছিলাম। আজ বিএনপিতে যোগদান করেছি। এখন থেকে জাতীয় পার্টির সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই।’
এদিকে ঝিনাইদহ-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু বলেন, ‘আমি বর্তমানে গণসংযোগে ব্যস্ত রয়েছি। আমার দলের কোনো নেতাকর্মী পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছে—এমন তথ্য আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাব।’
উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনে এবারের নির্বাচনে বিএনপি থেকে রাশেদ খাঁন, জামায়াতে ইসলামী থেকে মাওলানা আবু তালিব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আব্দুল জলিল, গণফোরাম থেকে খনিয়া খানম ববি এবং জাতীয় পার্টি থেকে এমদাদুল ইসলাম বাচ্চু প্রতিদ্বন্দ্বিতা করছেন।