নির্বাচনী মাঠে ‘ভুয়া’ এমপি প্রার্থী, ভোটারদের মাঝে বিভ্রান্তি
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিজেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী দাবি করে এক ব্যক্তির প্রচারণায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কোনো বৈধ মনোনয়ন না থাকলেও তিনি নির্বাচনী প্রতীক ব্যবহার করে পোস্টারিং ও প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি কুড়িগ্রাম–৪ (চিলমারী, রৌমারী ও রাজীবপুর) সংসদীয় আসনের। জানা গেছে, ‘দুদু জোদ্দার’ নামের ওই ব্যক্তি নিজেকে স্বতন্ত্র এমপি প্রার্থী দাবি করে ‘কুলা’ প্রতীকে এলাকায় পোস্টার লাগানো ও ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহল ও বিভ্রান্তি তৈরি হয়েছে। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে প্রথমে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে সব মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে আদালতের আদেশে এক প্রার্থীর মনোনয়ন বাতিল হলে সাতজন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। বৈধ প্রার্থীদের তালিকায় দুদু জোদ্দারের নাম নেই।
খোঁজ নিয়ে জানা যায়, দুদু জোদ্দার চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল নতুন আশ্রয়ণ কেন্দ্র এলাকার বাসিন্দা ধনীয়া জোদ্দারের ছেলে। স্থানীয়রা জানান, এর আগেও তিনি বিভিন্ন নির্বাচনে নিজেকে প্রার্থী দাবি করে পোস্টারিং ও মাইকিং করে আলোচনার জন্ম দিয়েছিলেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে, দুদু জোদ্দার নামে সংসদ সদস্য পদে কোনো মনোনয়নপত্র বিতরণ বা জমা নেওয়া হয়নি।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই ব্যক্তি ভোট এলেই এভাবে নিজেকে প্রার্থী দাবি করে পোস্টার লাগান। তিনি নিজে পোস্টার ছাপিয়েছেন নাকি অন্য কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এমনটি করেছে, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।’