খাগড়াছড়িতে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নুর ইসলাম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
ইশতেহারে খাগড়াছড়িকে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও টেকসই উন্নয়নের মডেল জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরা হয়। এতে ভূমি অধিকার নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অবাস্তবায়িত ধারাসমূহ বাস্তবায়ন এবং পাহাড়ে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে আধুনিক হিমাগার স্থাপন, ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা এবং প্রান্তিক কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ ব্যবস্থার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি প্রতিটি উপজেলায় আইটি ও কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষা সম্প্রসারণের অঙ্গীকার করা হয়।
ইশতেহারে আরও বলা হয়, সাজেকসহ দুর্গম এলাকার সড়ক যোগাযোগ উন্নয়ন, পর্যটন কেন্দ্রগুলোর আধুনিকায়ন, প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা সম্প্রসারণ এবং খাগড়াছড়ি সদর হাসপাতালকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন হাসপাতালে রূপান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।