বরগুনা-১ আসনে হাতপাখার প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন: রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের কোথাও যদি হাতপাখা প্রতীকের প্রার্থী বিজয়ী না-ও হয়, আল্লাহর রহমতে বরগুনা-১ আসনে হাতপাখার বিজয় নিশ্চিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারি বরিশাল বিভাগের মধ্যে বরগুনা-১ আসন থেকেই হাতপাখা প্রতীকের বিজয়ের সূচনা হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরগুনা জেলার আমতলী পৌরসভা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার আয়োজনে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর তার মরহুম বাবার বক্তব্য স্মরণ করে বলেন, দক্ষিণাঞ্চলের সাগরের পার থেকেই ইসলামের বিজয় পতাকা উড়বে—আজ সেই কথার বাস্তবতা সামনে এসেছে। সংসদে যেতে পারলে সোনার বাংলা, সবুজ বাংলা ও ডিজিটাল বাংলার পাশাপাশি দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ভোটারদের উদ্দেশে রেজাউল করীম বলেন, ‘আপনারা যদি মো. অলি উল্লাহকে বিজয়ী করেন, তবে বরগুনা-১ আসনকে একটি আদর্শ ও মডেল আসনে রূপান্তর করা হবে।’
তিনি ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়সহ সকলের জানমাল রক্ষায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ভূমিকার কথাও উল্লেখ করেন।
সভায় বরগুনা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মাওলানা মো. মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, বরগুনা-২ আসনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমী, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, কুয়াকাটা হুজুর মুফতি হাবিবুর রহমান মেজবাহসহ অন্য নেতারা।
সভা শেষে আনুষ্ঠানিকভাবে বরগুনা-১ ও বরগুনা-২ আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর।