০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৮

গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ  © সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ৩১ দফার প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে। সাংবাদিকদের মালিকের চাকরি নয়, বিবেকের চাকরি করতে হবে। বিবেকের কাছে দায়বদ্ধ থাকলেই গণমাধ্যম সত্যিকার অর্থে স্বাধীন থাকতে পারে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজারের চকরিয়ায় ‘মিট দ্য প্রেস’ শীর্ষক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবাদিক সমাজ রাজনৈতিকভাবে বিভক্ত—এমন ধারণা সঠিক নয়। গণমাধ্যমের ভূমিকা হওয়া উচিত নিরপেক্ষ। একই সঙ্গে তিনি গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে বলেন, মিস ইনফরমেশন ও ডিজ ইনফরমেশনের মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি যেন না হয়, সে বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল থাকতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৬-১৭ বছরে গণমাধ্যমকে দলীয়করণ করা হয়েছিল, যার নেতিবাচক প্রভাব পড়েছে গণতন্ত্রের ওপর। যে দেশে গণমাধ্যম স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা রাখে, সে দেশের গণতন্ত্রও শক্তিশালী হয়। গণমাধ্যমের প্রধান লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া।

স্বাধীন, উন্মুক্ত ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এই অঙ্গীকার বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালাহউদ্দিন আহমদ।