প্রবাসে থেকেও ভোট দেবেন সাতক্ষীরার ৫ হাজার ৬৮৬ রেমিট্যান্স যোদ্ধা
দেশের গণতন্ত্র ও উন্নয়ন যাত্রায় অংশ নিতে প্রস্তুত সাতক্ষীরার প্রবাসীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসন থেকে রেকর্ডসংখ্যক ৫ হাজার ৬৮৬ প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলার ১৮ হাজার ৭৭০ জন পোস্টাল ভোটারের মধ্যে একটি বড় অংশই প্রবাসী বাংলাদেশি।
জেলা নির্বাচন কার্যালয় জানায়, প্রবাসী ভোটারদের পাশাপাশি সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে থাকা ভোটার মিলিয়ে সাতক্ষীরা জেলায় মোট ১৮ হাজার ৭৭০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রযুক্তির সহায়তায় এবার প্রবাসীদের ভোটদান সহজতর করা হয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সুযোগ ছিল। প্রবাসীদের মধ্যে ৫ হাজার ৪৫৭ জন পুরুষ ও ২২৯ জন নারী ভোটার তাদের নাম তালিকাভুক্ত করেছেন। ইতোমধ্যে নিবন্ধিত এসব ভোটারের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হয়েছে। তারা পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে ব্যালটটি আবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাবেন।
আসনভিত্তিক তথ্য অনুযায়ী, সাতক্ষীরা-১ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২ হাজার ৫৬ জন প্রবাসী ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৯৮১ জন ও নারী ভোটার ৭৫ জন। এই আসনে মোট পোস্টাল ভোটার সংখ্যা ৫ হাজার ৮৫৫ জন এবং মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৮৪৮ জন।
সাতক্ষীরা-২ আসনে প্রবাসী ভোটার রয়েছেন ১ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৬০১ জন ও নারী ৯৩ জন। এ আসনে পোস্টাল ব্যালটে সর্বোচ্চ মোট নিবন্ধন হয়েছে ৬ হাজার ২৪৪ জন। সাতক্ষীরা-২ আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৬৫৪ জন।
সাতক্ষীরা-৩ আসনে প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন ১ হাজার ২৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১৯৮ জন এবং নারী ভোটার ৩৭ জন। এই আসনে মোট পোস্টাল ভোটার ৪ হাজার ৪৬২ জন এবং মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২ হাজার ২২১ জন।
অন্যদিকে সাতক্ষীরা-৪ আসনে প্রবাসী ভোটার রয়েছেন ৭০১ জন। এর মধ্যে পুরুষ ৬৬৫ জন এবং নারী ৩৬ জন। এ আসনে পোস্টাল ব্যালটে মোট নিবন্ধিত ভোটার ২ হাজার ২০৯ জন। সাতক্ষীরা-৪ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ৫২ জন।
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটাররা নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভোট প্রদান করলে তাদের ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে। এতে বিদেশে অবস্থানরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগ সহজ হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার জানান, বর্তমানে সাতক্ষীরা জেলায় মোট ভোটার ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। জেলার ৬০৯টি ভোটকেন্দ্রে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৩ হাজার ৪১০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।