২৬ মে ২০২৬, ১৬:৪৮

চীন সফরে প্রকাশিত তালিকায় জাকসু ভিপিকে ‌‘ডাকসু ভিপি’ হিসেবে দেখানোর তথ্যটি সঠিক নয়

ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে প্রকাশিত তালিকা (ডান পাশে)  © টিডিসি সম্পাদিত

চীন সরকারের আমন্ত্রণে দেশটিতে ১০ দিনের সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২০ জন তরুণের একটি প্রতিনিধি দল। সফরটি আগামী ৪ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই প্রতিনিধি দলে রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের বর্তমান ও সাবেক ৬ নেতা। বাকিরা হলেন জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রদল সমর্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জয়ী ও প্রতিদ্বন্দ্বী করা ছাত্রনেতা।

গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠিতে এই আমন্ত্রণ জানিয়ে প্রতিনিধি দলের তালিকা পাঠানোর আহ্বান জানান।

দূতাবাস থেকে পাঠানো অংশগ্রহণকারীদের তালিকা

পরে ১৯ মে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ জন তরুণের একটি প্রতিনিধি দলের একটি তালিকা ঢাকাস্থ চীনা দূতাবাসে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বরাবর পাঠান। এরপর আজ মঙ্গলবার (২৬ মে) দূতাবাস থেকে অংশগ্রহণকারীদের তালিকা প্রকাশ করা হয়। এই ২০ জন ছাড়াও তালিকায় দূতাবাসে দুইজন স্টাফও রাখা হয়েছে তাদের সফরসঙ্গী হিসেবে।

যদিও গতকাল সোমবার (২৫ মে) রাতে চীনা রাষ্ট্রদূত বরাবর পাঠানো মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত তালিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে ১৯ নম্বরে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদের (জিতু) পদবি ডাকসু ভিপি (ইংরেজিতে) হিসেবে উল্লেখ করা হয়। এ নিয়ে ফেসবুকে অনেক নেটিজেন আলোচনা ও সমালোচনা করেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া তালিকায় জিতুকে ডাকসু ভিপি হিসেবে উল্লেখ করা আছে

তবে, চীনা দূতাবাসের তালিকায়, আব্দুর রশিদের নাম ১৩ নম্বরে রয়েছে। পদবি হিসেবে রয়েছে জাকসু ভিপি (ইংরেজিতে) হিসেবে। আর চীনা ভাষায় পদবি লেখা রয়েছে贾汉吉尔纳贾尔大学中央学生会副主席. যা বাংলায় করলে দাঁড়ায়জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সহ-সভাপতি।

অন্যদিকে, এই সফরে অংশ নিচ্ছেন এমন একজনের কাছ থেকেও নেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে জিতুকে জাকসুর ভিপি হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে চীনা দূতাবাসের চিঠির সঙ্গে অংশগ্রহণকারীদের ক্রমিকও সঠিক রয়েছে বলে নিশ্চিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে জিতুকে জাকসু ভিপি হিসেবে উল্লেখ করা হয়েছে

প্রতিনিধি দলে যুবদলের যারা রয়েছেন
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক মো. মিনহাজুল ইসলাম ভূঁইয়া, যুবদল ঢাকা দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক, যুবদল ঢাকা উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-স্বাস্থ্য সম্পাদক গালিব হাসান প্রীতম, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-প্রশিক্ষণ বিষয়ক আরাফাত বিল্লাহ খান ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মো. মেহেদী হাসান জুয়েল।

ছাত্রদল ও ছাত্রদল সমর্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জয়ী ও প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন যারা
ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম; ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জহিরুল ইসলাম, এবিএম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদ; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান ও জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ (জিতু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান (তৌফিক), ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মোছা. শ্রাবণী আক্তার ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ছাত্রদলের আহ্বায়ক নওশীন নাহার অথি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক সেলিমা বিনতে তারিন রোদসী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই চব্বিশ জাগরণী হল শাখা ছাত্রদলের সভাপতি তানজিলা হোসাইন বৈশাখী ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক (প্রস্তাবিত) রাবেয়া তাহসিন মুন।