চুলের ঘনত্ব বাড়াতে চিকিৎসকের ৬ সহজ পরামর্শ
চুল পাতলা হয়ে যাওয়া কিংবা অতিরিক্ত চুল পড়া নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। এই চুল পড়ার সমস্যা যেমন একদিনে তৈরি হয় না, তেমনই এটা একদিনে সমাধান হওয়ার জিনিসও না। মানসিক চাপ, পুষ্টির ঘাটতি, হরমোনের পরিবর্তন, অপর্যাপ্ত ঘুম ও চুলের ভুল পরিচর্যার কারণে ধীরে ধীরে চুলের ঘনত্ব কমতে পারে। একসময় এটি ঝরতে শুরু করে। তবে খাদ্যাভ্যাস ও জীবনযাপনে সহজ কিছু পরিবর্তন এবং নিয়মিত যত্নের মাধ্যমে চুলের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। ভারতের চর্মরোগ বিশেষজ্ঞ, কসমেটোলজিস্ট ও ট্রাইকোলজিস্ট ডা. প্রীতি কার্দে শ্রিংগারপুরে চুলের ঘনত্ব বাড়াতে ৬টি পরামর্শ দিয়েছেন।
১. খাবারে রাখুন পর্যাপ্ত প্রোটিন
চুলের প্রধান উপাদান কেরাটিন, যা একধরনের প্রোটিন। তাই খাবারে প্রোটিনের ঘাটতি হলে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে। পাশাপাশি আয়রন, জিংক, ভিটামিন ডি ও ফলিক অ্যাসিডের ঘাটতিও চুলের বৃদ্ধিতে প্রভাব ফেলে। এ জন্য প্রতিদিনের খাবারে ডিম, ডাল, পালংশাক, গাজর ও দুধজাতীয় খাবার রাখতে পারেন। এ ছাড়া অ্যাভোকাডোতে থাকা ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফলিকলকে ক্ষতির হাত থেকে সুরক্ষা দিতে সহায়তা করে।
২. চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট নয়
খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি না পেলে কোনো কোনো ক্ষেত্রে সাপ্লিমেন্টের প্রয়োজন হতে পারে। বায়োটিন, কোলাজেন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন ভিটামিনের সাপ্লিমেন্ট চুলের পুষ্টির ঘাটতি পূরণে সহায়ক হতে পারে। তবে প্রয়োজন না জেনে এসব সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়। বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই সেগুলো ব্যবহার করা ভালো।
৩. মানসিক চাপ কমান
দীর্ঘদিনের মানসিক চাপ চুলের স্বাভাবিক বৃদ্ধিচক্রে প্রভাব ফেলতে পারে। এতে চুলের ফলিকল বিশ্রাম পর্যায়ে চলে যায় এবং স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়তে শুরু করে। ফলে একসময় চুল পাতলা দেখাতে পারে। এ সমস্যা কমাতে নিয়মিত যোগব্যায়াম, ধ্যান, গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। পাশাপাশি মানসিক চাপ কমাতে নিজের জন্যও কিছুটা সময় রাখা প্রয়োজন।
৪. নিয়মিত মাথার ত্বকে ম্যাসাজ করুন
মাথার ত্বকে নিয়মিত ম্যাসাজ করলে রক্ত চলাচলে সহায়তা করে। এতে চুলের ফলিকলে অক্সিজেন ও পুষ্টি পৌঁছানোর প্রক্রিয়া সহজ হতে পারে। ২০১৬ সালে ইপ্লাস্টি সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, নিয়মিত মাথার ত্বকে ম্যাসাজ করলে সময়ের সঙ্গে চুলের পুরুত্ব বাড়তে পারে। তবে ম্যাসাজের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবে না। আঙুল দিয়ে আলতোভাবে মাথার ত্বকে ম্যাসাজ করতে পারেন।
৫. চুলের ধরন বুঝে তেল ব্যবহার করুন
চুলের যত্নে নারকেল তেল ব্যবহার করতে পারেন। গবেষণায় দেখা গেছে, নারকেল তেল চুলের ভেতরে প্রবেশ করে প্রোটিনের ক্ষয় ও চুল ভেঙে যাওয়া কমাতে সহায়তা করে।
এ ছাড়া রোজমেরি তেল নিয়েও গবেষণা রয়েছে। ২০১৫ সালের একটি গবেষণায় বংশগত কারণে চুল পড়ার সমস্যায় রোজমেরি তেলের সম্ভাব্য উপকারিতা পাওয়া গেছে। তবে সবার ক্ষেত্রে এর ফল একরকম নাও হতে পারে। তাই মাথার ত্বকের ধরন বুঝে তেল ব্যবহার করা উচিত।
৬. চুলের যত্নে অতিরিক্ত রাসায়নিক ও তাপ এড়িয়ে চলুন
ঘন ঘন চুলে রং করা, স্মুথনিং, হেয়ার বোটক্স এবং অতিরিক্ত হিট স্টাইলিং চুলের বাইরের সুরক্ষা স্তরের ক্ষতি করতে পারে। এতে চুল দুর্বল হয়ে ভেঙে যাওয়ার আশঙ্কা বাড়ে। ফলে চুলের ঘনত্বও কমে যেতে পারে। তাই চুল পরিষ্কারে মৃদু শ্যাম্পু ব্যবহার করুন। পাশাপাশি অতিরিক্ত তাপ ও রাসায়নিক প্রয়োগ থেকে বিরত থাকুন।
অতিরিক্ত চুল পড়লে চিকিৎসকের পরামর্শ নিন
দীর্ঘদিন ধরে চুল পড়তে থাকলে কিংবা চুল ক্রমেই পাতলা হয়ে গেলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। এর পেছনে বংশগত কারণ, হরমোনের পরিবর্তন, পুষ্টির ঘাটতি কিংবা অন্য কোনো শারীরিক সমস্যা থাকতে পারে। এ ক্ষেত্রে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চুল পড়ার কারণ শনাক্ত করে সে অনুযায়ী চিকিৎসা নেওয়া সম্ভব।