সকালে ব্যায়াম করলে মিলবে যে ৫ উপকার, বলছে বিজ্ঞান
সুস্থ থাকতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক প্রশান্তি ও কর্মক্ষমতা বাড়াতেও ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ব্যায়ামের উপযুক্ত সময় নিয়ে অনেকের মধ্যেই মতভেদ রয়েছে। কেউ বিকেলে ব্যায়াম করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আবার কারও পছন্দ ভোরে ঘুম থেকে উঠে শরীরচর্চা করা। কিন্তু সকালে ব্যায়াম করলে কি বাড়তি কোনো উপকার পাওয়া যায়? এ বিষয়ে কী বলছে বিজ্ঞান?
‘ওবেসিটি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, সকালে খালি পেটে ব্যায়াম করলে শরীর দ্রুত ক্যালরি খরচ করে এবং বিপাকক্রিয়া (মেটাবলিজম) দীর্ঘ সময় সক্রিয় থাকে। এর ফলে ওজন কমানো, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
অন্যদিকে, ‘জার্নাল অব সাইকোলোজি’-তে প্রকাশিত আরেকটি গবেষণায় বলা হয়েছে, সকালে ব্যায়াম করলে দেহঘড়ি বা বডি ক্লক সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। এতে ঘুমের ধরন, হরমোন নিঃসরণ ও শরীরের শক্তির ভারসাম্য বজায় রাখতে সুবিধা হয়।
চলুন জেনে নেওয়া যাক, সকালে ব্যায়াম করার পাঁচটি সম্ভাব্য উপকারিতা—
১. মেজাজ ভালো রাখে, কমায় মানসিক চাপ
সকালে ব্যায়াম করলে মস্তিষ্কে এন্ডোরফিন, ডোপামিন ও সেরোটোনিনের নিঃসরণ বাড়ে। এসব রাসায়নিক উপাদান মেজাজ ভালো রাখতে সহায়তা করে। ফলে বিষণ্নতা, দুশ্চিন্তা ও উদ্বেগ কমাতেও ব্যায়াম ভূমিকা রাখতে পারে।
আমেরিকান সাইকোলোজিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দিনে মাত্র ৩০ মিনিট সকালে হাঁটা বা ব্যায়াম করলে মানসিক চাপ ২৫ শতাংশ পর্যন্ত কমতে পারে।
২. বিপাকক্রিয়া ও হজমক্ষমতা বাড়ায়
সকালে খালি পেটে ব্যায়াম করলে শরীর শক্তির উৎস হিসেবে জমে থাকা চর্বি ব্যবহার করতে শুরু করে। ফলে ওজন কমানোর ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে।
হাভার্ড মেডিকেল স্কুল-এর তথ্য অনুযায়ী, সকালে ২০ থেকে ৩০ মিনিট কার্ডিও ব্যায়াম করলে বিপাকীয় হার ১৪ ঘণ্টা পর্যন্ত বেশি থাকতে পারে।
৩. কর্মক্ষমতা ও মনোযোগ বাড়ায়
সকালে ব্যায়াম করলে শরীরে রক্তপ্রবাহ ও অক্সিজেন সরবরাহ বাড়ে। এতে মস্তিষ্ক ও পেশি সক্রিয় থাকে। ফলে মানসিক সতর্কতা, মনোযোগ ও কাজ করার শক্তি বাড়তে পারে।
জার্নার অব স্পোর্টস সাইন্স অ্যান্ড মেডিসিন-এর এক গবেষণায় বলা হয়েছে, সকালের ব্যায়াম কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে।
৪. হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়তা করে
নিয়মিত ব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। এতে হৃদ্যন্ত্রের সুস্থতা বজায় থাকে।
ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলোজি-এর গবেষণায় বলা হয়েছে, সকাল ৮টা থেকে ১১টার মধ্যে ব্যায়াম করলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি প্রায় ১৬ শতাংশ পর্যন্ত কমতে পারে।
৫. ঘুমের মান উন্নত করে
সকালে নিয়মিত ব্যায়াম করলে শরীরের দেহঘড়ি বা বডি ক্লক স্বাভাবিক ছন্দে কাজ করতে সহায়তা পায়। এতে রাতে সহজে ঘুম আসতে পারে এবং ঘুমের গভীরতাও বাড়তে পারে।
স্লিপ ফাউন্ডেশন-এর তথ্য অনুযায়ী, সকালে হালকা ব্যায়াম করলে ঘুমের সময়সীমা ও গভীরতা—দুটিই বাড়তে পারে।
ব্যায়ামের আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
সকালে ব্যায়াম করার আগে পর্যাপ্ত পানি পান করা জরুরি। খালি পেটে ব্যায়াম করলে শুরুতে হালকা ওয়ার্মআপ করে নেওয়া উচিত। সাধারণত ২০ থেকে ৪৫ মিনিটের মধ্যে ব্যায়াম শেষ করা যেতে পারে। তবে উচ্চ রক্তচাপ বা রক্তে শর্করার সমস্যা থাকলে ব্যায়ামের ধরন ও সময় নির্ধারণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
সকালে ব্যায়াম করার অভ্যাস শরীরের সুস্থতা, মানসিক প্রশান্তি এবং সারাদিনের কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে। এ জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত শরীরচর্চা করা। তাই দিনের শুরুতেই কিছুটা সময় ব্যায়ামের জন্য বরাদ্দ রাখতে পারেন।