ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে মডেল-অভিনেত্রী তুলনা
দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৯ বছর।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। তুলনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমেনা বেগম।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তুলনার স্তনে টিউমার ধরা পড়ে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ঢাকার আহ্ছানিয়া মিশন হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। পরে তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়। সবশেষে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
গত ২০ অক্টোবর তুলনার শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর বায়োপসি পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকেরা জানতে পারেন, তত দিনে তার শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে।
তুলনার শারীরিক অবস্থার অবনতির বর্ণনা দিয়ে তার মা আমেনা বেগম জানান, অস্ত্রোপচারের পর প্রথম দুই দিন তুলনা বেশ ভালো ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, হাসিখুশিও ছিলেন। তবে শুক্রবার সকাল থেকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার হার্ট অ্যাটাক হয়। পরে রাত ১১টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও কাজ করেছেন তিনি। দীর্ঘ কর্মজীবনে দেশের বিনোদন ও ফ্যাশন অঙ্গনের বিভিন্ন আয়োজনে যুক্ত ছিলেন এই শিল্পী।
ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি ছিল তার। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তুলনা আল হারুন দেশের প্রখ্যাত নাট্যকার ও নাট্যনির্দেশক আবদুল্লাহ আল মামুনের ভাই আবদুল্লাহ আল হারুনের মেয়ে। তার বাবা জার্মানিতে থাকেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে তুলনা ছিলেন একজন।