নির্যাতন-নির্বাসন পেরিয়ে ক্ষমতার শীর্ষে তারেক রহমান
একসময় ছিলেন ক্ষমতাসীন দলের প্রধান প্রতিপক্ষের উত্তরসূরি। ওয়ান-ইলেভেনের রাজনৈতিক পটপরিবর্তনে গ্রেপ্তার, কারাবাস ও নির্যাতনে বিপর্যস্ত হয়েছিল তাঁর জীবন। দীর্ঘ ১৮ মাস কারাগারে কাটানোর পর উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমাতে হয়েছিল লন্ডনে। এরপর কেটে গেছে দীর্ঘ ১৭ বছরের বেশি সময়। এই সময়ে হারিয়েছেন একমাত্র ছোট ভাই, কারাবন্দি ও অসুস্থ মাকে দেখতে পারেননি দীর্ঘদিন, প্রত্যক্ষ করেছেন দলের ওপর দমন-পীড়ন, নেতাকর্মীদের গ্রেপ্তার ও রাজনৈতিক প্রতিকূলতা। একসময় হারিয়েছেন মাকেও। তবে থেমে থাকেনি তাঁর রাজনৈতিক পথচলা। প্রবাসে থেকেই দলকে সংগঠিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন আন্দোলনে। অবশেষে দেশে ফিরেছেন, নির্বাচনে নেতৃত্ব দিয়ে দলকে ক্ষমতায় এনেছেন এবং নিজেই অধিষ্ঠিত হয়েছেন রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ নির্বাহী পদে।
তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ নভেম্বর) তাঁর জন্মদিন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর বাংলাদেশের সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘরে জন্ম নেন আজকের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জীবনের ৬০ বছর পেরিয়ে আসা এই রাজনৈতিক নেতার জন্মদিন এবার এক ভিন্ন রাজনৈতিক বাস্তবতায়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ব্যক্তিগত শোক, নির্বাসিত জীবনের অবসান এবং রাষ্ট্রক্ষমতার শীর্ষে আরোহণ— সব মিলিয়ে তাঁর জীবনের গতিপথ বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
সামরিক ও রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে বেড়ে ওঠা তাঁর শৈশব। স্বাধীনতা যুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মা ও ছোট ভাইসহ তাঁকেও আটক থাকতে হয়েছিল। পরবর্তী সময়ে সামরিক শাসনবিরোধী আন্দোলন, গণতন্ত্রের লড়াই এবং বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাঁর রাজনীতিতে সম্পৃক্ততা বাড়ে।
রাজনীতিতে উত্থান
তারেক রহমানের আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মা খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন। ২০০১ সালের নির্বাচনে বিএনপির বিজয়ের পেছনেও তাঁর সাংগঠনিক তৎপরতা ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা ছিল। ২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। এ সময় তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করা এবং নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্ব দেন।
তবে তাঁর রাজনৈতিক উত্থানের সঙ্গে বিতর্কও ছিল। বিএনপি সরকারের সময় বনানীর ‘হাওয়া ভবন’কেন্দ্রিক প্রভাব বিস্তার, ক্ষমতার অনানুষ্ঠানিক বলয় এবং দুর্নীতির বিভিন্ন অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা তৈরি হয়। এসব অভিযোগের অনেকগুলোই পরবর্তী সময়ে মামলা ও বিচারিক প্রক্রিয়ার অংশ হয়। ফলে তাঁর রাজনৈতিক জীবনের মূল্যায়নে যেমন সাংগঠনিক ভূমিকা ও নেতৃত্বের বিষয়টি আসে, তেমনি বিতর্ক ও সমালোচনাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
ওয়ান-ইলেভেন: গ্রেপ্তার, কারাবাস ও নির্যাতনের অভিযোগ
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি এবং সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের রাজনীতিতে শুরু হয় নতুন অধ্যায়। দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই বছরের ৭ মার্চ ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ওই সময়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে তাঁর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। দীর্ঘদিন কারাবন্দি থাকার সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। আদালতে তাঁকে অসুস্থ অবস্থায় হাজির করার ঘটনাও তখন আলোচনায় আসে। ২০০৭ সালের ২৮ নভেম্বর আদালতে দাঁড়িয়ে নিজের ওপর নির্যাতনের বিবরণ দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে ওয়ান-ইলেভেনের সময় গোপন বন্দিশালা হিসেবে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) তাঁকে নির্যাতনের তথ্য পাওয়ার কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান কৌঁসুলি। ২০২৬ সালের আগস্টে জেআইসি পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
দীর্ঘ ৫৫৪ দিন বা প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তারেক রহমান। তবে কারামুক্তির মধ্য দিয়ে তাঁর স্বাভাবিক রাজনৈতিক জীবনে ফেরা হয়নি। শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে চলে যান। সেই যাত্রা যে দীর্ঘ ১৭ বছরের বেশি সময়ের প্রবাসজীবনে পরিণত হবে, তখন তা অনেকেরই ধারণার বাইরে ছিল।
নির্বাসনে ভাইয়ের মৃত্যু, মায়ের কারাবাস
লন্ডনে অবস্থানকালে তারেক রহমানের ব্যক্তিগত জীবনে নেমে আসে একের পর এক শোক। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকো। দীর্ঘদিন পরবাসে থাকা অবস্থায় ভাইকে হারানোর বেদনা তাঁকে বহন করতে হয়েছে। পরিবারের এই কঠিন সময়েও দেশে ফিরতে পারেননি তিনি।
এর মধ্যে দেশে বিএনপির রাজনৈতিক পরিস্থিতিও ক্রমেই প্রতিকূল হয়ে ওঠে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা ঘোষণার পর কারাগারে যেতে হয় তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। মায়ের কারাবাসের পর দলের নেতৃত্বের বড় দায়িত্ব এসে পড়ে তারেক রহমানের ওপর। ওই বছরের ৮ ফেব্রুয়ারি তাঁকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। শুরু হয় লন্ডনে বসে দল পরিচালনার এক নতুন অধ্যায়।
মায়ের কারাবাস, অসুস্থতা এবং চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া-আসার সময়গুলোতে ছেলের সঙ্গে তাঁর স্বাভাবিক পারিবারিক যোগাযোগ ও সান্নিধ্য সীমিত হয়ে পড়ে। ২০২০ সালে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পেলেও শর্তের কারণে খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ ছিল সীমিত। বাসা ও হাসপাতালের মধ্যেই কাটে তাঁর সময়। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি পুরোপুরি মুক্তি পান। পরবর্তী সময়ে উচ্চ আদালতেও তাঁর বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলায় খালাসের রায় আসে।
মায়ের অসুস্থতা ও চিকিৎসার খবর লন্ডনে বসে অনুসরণ করতে হয়েছে তারেক রহমানকে। ২০২৫ সালের জানুয়ারিতে চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গেলে দীর্ঘদিন পর মা-ছেলের দেখা হয়। তবে সেই সাক্ষাৎও ছিল অসুস্থতা ও অনিশ্চয়তায় ঘেরা।
প্রবাস থেকে দল পরিচালনা, দেশে ফেরার অপেক্ষা
লন্ডনে অবস্থান করেও বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তারেক রহমান। ২০০৯ সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তী সময়ে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। দলীয় সিদ্ধান্ত গ্রহণ, সাংগঠনিক পুনর্গঠন, আন্দোলনের কর্মসূচি নির্ধারণ এবং রাজনৈতিক বক্তব্য প্রদানের মধ্য দিয়ে হয়ে ওঠেন বিএনপির প্রধান নেতৃত্ব।
তবে প্রবাস থেকে দল পরিচালনা নিয়ে দলের ভেতরে-বাইরে নানা আলোচনা ও সমালোচনাও ছিল। বিশেষ করে মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সীমাবদ্ধতা, নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের কাছে তাঁর নেতৃত্ব ছিল প্রতিকূল পরিস্থিতিতে দলকে ধরে রাখার প্রধান অবলম্বন।
এ সময়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ও দুর্নীতির মামলা এবং একাধিক সাজা ঘোষণাও দেশে ফেরার পথে বাধা হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর একে একে এসব মামলায় বিচারিক প্রক্রিয়ায় পরিবর্তন আসে। উচ্চ আদালতে তিনি বিভিন্ন মামলায় খালাস পান। ফলে দেশে ফেরার পথ অনেকটাই উন্মুক্ত হয়।
১৭ বছরের অপেক্ষার অবসান
দীর্ঘ ১৭ বছর তিন মাস পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। রাজধানীতে তাঁকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটে। দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত হন।
কিন্তু দেশে ফেরার আনন্দের মধ্যেও তাঁর জন্য অপেক্ষা করছিল জীবনের সবচেয়ে কঠিন শোকগুলোর একটি। দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায়, ৩০ ডিসেম্বর ২০২৫, মারা যান তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জীবনের দীর্ঘ সময় মায়ের কাছ থেকে দূরে থাকা তারেক রহমান শেষ জীবনে মায়ের পাশে থাকার সুযোগ পেলেও শেষ পর্যন্ত তাঁকে হারানোর বেদনা বহন করতে হয়। মায়ের মৃত্যুর পর বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের দায়িত্বও গ্রহণ করেন তিনি।
নির্বাসন থেকে রাষ্ট্রক্ষমতার শীর্ষে
মায়ের মৃত্যুর শোক কাটিয়ে দলকে নির্বাচনী প্রস্তুতির দিকে এগিয়ে নেন তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘ দেড়যুগ বিরতির পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে।
১৭ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একসময় যিনি রাজনৈতিক প্রতিকূলতায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, সেই তিনিই ফিরে এসে নির্বাচনের মাধ্যমে দেশের সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর জীবনের রাজনৈতিক পথচলায় এটি নিঃসন্দেহে এক বড় বাঁক।
তবে ক্ষমতার শীর্ষে আরোহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক চ্যালেঞ্জের অবসান ঘটেনি। বরং শুরু হয়েছে নতুন দায়িত্ব ও প্রত্যাশা পূরণের কঠিন অধ্যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ, অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন তাঁর সরকারের সামনে।
জন্মদিনে নতুন বাস্তবতা ও প্রত্যাশা
তারেক রহমানের রাজনৈতিক জীবনের দিকে ফিরে তাকালে দেখা যায়, তাঁর জীবনের গুরুত্বপূর্ণ বাঁকগুলো বাংলাদেশের রাজনীতির বড় বড় ঘটনাপ্রবাহের সঙ্গে সম্পর্কিত। ওয়ান-ইলেভেনের গ্রেপ্তার ও কারাবাস, নির্যাতনের অভিযোগ, দীর্ঘ প্রবাসজীবন, ভাইয়ের মৃত্যু, মায়ের কারাবাস ও অসুস্থতা, দেশে ফেরার পর মাকে হারানো—এসব ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়েই তাঁর রাজনৈতিক নেতৃত্বের বিস্তার ঘটেছে।
তবে রাজনৈতিক জীবনের মূল্যায়ন কেবল সংগ্রাম ও প্রতিকূলতার বিবরণে সীমাবদ্ধ থাকতে পারে না। অতীতের বিতর্ক, রাজনৈতিক সিদ্ধান্ত, নেতৃত্বের ধরন এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকার বিচারও সময়ের সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক শক্তির প্রতি আচরণ, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর সরকারের অবস্থান ভবিষ্যৎ রাজনৈতিক মূল্যায়নের অন্যতম মাপকাঠি হবে।
একসময় যাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ছিল নানা অনিশ্চয়তা, সেই তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দীর্ঘ সংগ্রাম ও ব্যক্তিগত বেদনার অধ্যায় পেরিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাঁর কাঁধে। জন্মদিনে তাঁর সামনে তাই কেবল ব্যক্তিগত জীবনের নতুন একটি বছর নয়, বরং রাষ্ট্রের কোটি মানুষের প্রত্যাশা পূরণের আরও একটি কঠিন অধ্যায়।
জন্মদিনে কর্মসূচি
এদিকে, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠান করা হবে। এ উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা ও এতিমখানা উত্তর বারিধারায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হবে। এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।