আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
আন্তর্জাতিক পুরুষ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। পুরুষদের ইতিবাচক ভূমিকা, পরিবার ও সমাজে তাদের অবদান, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিই দিবসটির মূল লক্ষ্য।
এ বছর আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– ‘ভবিষ্যৎ সবার‘।এই প্রতিপাদ্যের মাধ্যমে নারী–পুরুষের সম্মিলিত অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা এবং সমতাভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথম আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়। এরপর থেকে প্রতিবছর ১৯ নভেম্বর বিশ্বের ৮০টিরও বেশি দেশে দিবসটি পালন করা হচ্ছে।
দিবসটির ছয়টি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো— ইতিবাচক পুরুষ আদর্শ তুলে ধরা, সমাজ ও পরিবারে পুরুষের অবদান উদ্যাপন, পুরুষের স্বাস্থ্য ও সুস্থতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পুরুষদের প্রতি বৈষম্য চিহ্নিত করা, নারী–পুরুষের সম্পর্ক উন্নয়ন এবং সবার জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠা।
বিশেষজ্ঞদের মতে, পুরুষদের মানসিক স্বাস্থ্য, কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, সামাজিক প্রত্যাশা এবং চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে অনীহার মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। অনেক পুরুষ সামাজিক সংকোচের কারণে নিজের মানসিক কষ্ট বা ব্যক্তিগত সমস্যার কথা প্রকাশ করতে পারেন না।
আন্তর্জাতিক পুরুষ দিবস কেবল পুরুষদের উদ্যাপনের দিন নয়; বরং নারী–পুরুষের পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সমঅধিকার প্রতিষ্ঠারও একটি উপলক্ষ।
দিবসটির আহ্বান—পুরুষের অবদানকে স্বীকৃতি দিতে হবে, তাঁদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শুনতে হবে এবং নারী–পুরুষ সবাইকে সঙ্গে নিয়ে গড়ে তুলতে হবে একটি মানবিক, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ।