০৮ অক্টোবর ২০২৬, ১৯:২৫

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্যান কার্সন

অ্যান কার্সন  © নোবেল কমিটি

২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন ধারা তৈরি করেছেন তিনি। তার সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে রয়্যাল সুইডিশ একাডেমি চলতি বছরের সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

নোবেল কমিটি জানিয়েছে, নোবেল বিজয়ের খবর পৌঁছে দেওয়া হয় এমন সময়ে, যখন অ্যান কার্সন নিজের রান্নাঘরে ব্যস্ত ছিলেন।

নোবেল কমিটি সেই মুহূর্তের ছবি শেয়ার করে জানান, সাহিত্যের নবনির্বাচিত নোবেল বিজয়ী অ্যান কার্সন আইসল্যান্ডের রেইকিয়াভিকের নিজের রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। শিগ্‌গিরই আসছে তার সাথে আমাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার।

অ্যান কার্সনের পুরো নাম অ্যান প্যাট্রিসিয়া কার্সন। তিনি জন্মগ্রহণ করেন ২১ জুন ১৯৫০ সালে, কানাডার টরন্টো, অন্টারিওতে। তার পুরো কর্মজীবনেই কবিতা লেখা, অনুবাদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজ একসঙ্গে করেছেন।