২৬ নভেম্বর ২০২৬, ২১:৪৪

ট্রিপল জাম্পে রেকর্ড গড়ে রৌপ্য জয় স্বপ্নার

অ্যাথলেট স্বপ্না খাতুন  © সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্পে নতুন জাতীয় রেকর্ড গড়ে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট স্বপ্না খাতুন।

ফাইনালে নিজের পঞ্চম প্রচেষ্টায় ১৩ দশমিক ২২ মিটার লাফিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন স্বপ্না। এর মধ্য দিয়ে নিজের কৃতিত্বে যোগ করেন নতুন জাতীয় রেকর্ড। তবে মাত্র ০ দশমিক ০২ মিটারের ব্যবধানে স্বর্ণপদক জয়ের সুযোগ হাতছাড়া হয় তার।

প্রতিযোগিতায় ভারতের সাধনা রবি নিজের ষষ্ঠ ও শেষ প্রচেষ্টায় ১৩ দশমিক ২৪ মিটার লাফিয়ে স্বর্ণপদক জিতে নেন। অন্যদিকে ১২ দশমিক ৯৬ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক অর্জন করেন শ্রীলঙ্কার এল.এস.ডব্লিউ আরাচ্চি।

স্বপ্না প্রথম প্রচেষ্টায় ১২ দশমিক ৫০ মিটার, তৃতীয় প্রচেষ্টায় ১২ দশমিক ৭৯ মিটার এবং চতুর্থ প্রচেষ্টায় ১২ দশমিক ৮৯ মিটার লাফ দেন। তার দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টা ফাউল হয়।

এর আগে প্রতিযোগিতার প্রথম দিনে নারীদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে ১২ দশমিক ২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান।

আগামী ২৭ নভেম্বর শেষ হবে এবারের বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা।