২৬ নভেম্বর ২০২৬, ১৯:৩৫

টানা দ্বিতীয় শিরোপা জিতলেন রাজু

টানা দ্বিতীয় শিরোপা জিতলেন রাজু  © সংগৃহীত

প্রবৃদ্ধি প্রোফেশনাল গলফ টুর্নামেন্টের শিরোপা জিতলেন মো. রাজু। এটি বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) টুর্নামেন্টে রাজুর টানা দ্বিতীয় শিরোপা। পারের চেয়ে ৯ শট কম খেলে শিরোপা নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জলসিঁড়ি গলফ ক্লাবে চারদিনের এই টুর্নামেন্টের পর্দাও নামল। ৭ আন্ডার পার ২৮১ স্কোর নিয়ে রানারআপ হয়েছেন বাদল হোসেন। ৩ আন্ডার পার ২৮৫ স্কোরে তৃতীয় হয়েছেন আকবর হোসেন।

প্রথম রাউন্ডে ৭৪ স্কোর করে খুব একটা ভালো শুরু করতে পারেননি রাজু। দ্বিতীয় রাউন্ডে ৬৮ খেলে ফেরেন লড়াইয়ে। ৩৬ হোল শেষে তখন শীর্ষে ছিলেন আকবর হোসেন (৭০-৬৭)। তৃতীয় দিনে বদলে যায় পুরো চিত্র। ৬৪ স্কোর করেন রাজু, পুরো টুর্নামেন্টের সেরা রাউন্ড এটি। ৫৪ হোল শেষে তিনি এগিয়ে যান ৫ শটে। শেষ রাউন্ডে ৭৩ খেলেও সেই ব্যবধানের সুবাদে দুই শটে এগিয়ে থেকে ট্রফি নিশ্চিত করেন রাজু।

অন্যদিকে চার রাউন্ডেই ধারাবাহিক ছিলেন বাদল হোসেন (৭২-৭০-৬৯-৭০)। শেষ দিনে ২ আন্ডার পারের ৭০ খেলে চাপ তৈরি করলেও রাজুকে ধরতে পারেননি।

শিরোপা জিতে উচ্ছ্বসিত রাজু বলেন, “জিতে খুবই ভালো লাগছে। টানা দ্বিতীয় শিরোপা জিতে আমি যেন নিজেই চমকে গেছি। আমি এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”

এদিকে রানারআপ হয়েও খুশি বাদল হোসেন। তিনি বলেন, “এই কোর্সে সবশেষ টুর্নামেন্টে রাজুকে হারিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবার আমাকে হারিয়ে রাজু চ্যাম্পিয়ন। আমরা দুজনই সাভার গলফ ক্লাবের। একই ক্লাবের দুজন চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ায় খুবই ভালো লাগছে।”

এক আন্ডার পার ২৮৭ স্কোর নিয়ে যৌথভাবে চতুর্থ হয়েছেন জামাল হোসেন ও মো. সম্রাট সিকদার। দেশের শীর্ষ গলফার সিদ্দিকুর রহমান ও মো. দুলাল হোসেন ইভেন পার ২৮৮ স্কোরে যৌথভাবে ষষ্ঠ হয়েছেন। অষ্টম হয়েছেন মো. শাহজামাল (+২)। ৩ ওভার পার ২৯১ স্কোরে যৌথভাবে নবম হয়েছেন মো. আবদুর রহমান, মো. লিটন মন্ডল, মো. লিটন হাওলাদার ও মো. সজীব আলী।

টুর্নামেন্টে অংশ নেন ৮৮ জন গলফার। দুই রাউন্ড শেষে কাট পার হন ৪৪ জন, তাদের মধ্যে চারজন পরে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। শেষ পর্যন্ত চার রাউন্ড শেষ করেন ৪০ জন। অ্যামেচারদের মধ্যে সেরা হয়েছেন মো. রহিম হোসেন (+১৯)।