২০ অক্টোবর ২০২৬, ১৬:৩৬

নেপালকে হারিয়ে অপরাজিত ভারত

ভারত দল  © সংগৃহীত

আক্রমণাত্মক শুরুর পর তিন গোলে এগিয়েও গিয়েছিল নেপাল। তবে গুছিয়ে উঠতে একটু সময় নিলেও ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি ভারত। শেষ পর্যন্ত নেপালি মেয়েদের সব প্রচেষ্টা ব্যর্থ করে বড় জয় নিয়েই মাঠ ছাড়ল ভারত। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে অপরাজিত থেকে ফাইনালে উঠল দলটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে নেপালকে ২৬-১১ ব্যবধানে হারায় ভারত। প্রথমার্ধে ভারতের মেয়েরা এগিয়ে ছিল ৯-৫ গোলে। একাই ৬ গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের প্রিয়াঙ্কা।

চার জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে এ নিয়ে লিগ পর্বের তিন ম্যাচই জিতল ভারত। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৪০-৮ গোলে জয়ে শুরুর পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪৭-১৩ এবং লিগ পর্বের শেষ ম্যাচে নেপালকে ২৬-১১ গোলে হারাল ভারত।

নেপাল বাংলাদেশের বিপক্ষে ৩৩-২০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে। পরের ম্যাচে মালদ্বীপকে ২৪-১৮ গোলে হারালেও লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ তারা হারল ভারতের কাছে। তিন ম্যাচের মধ্যে একটিতে জয় নেপালের।

আজ দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল সাড়ে ৪টায় মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশ এই ম্যাচ জিতলেই সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। হেরে গেলে তিন দলের জয় থাকবে একটি করে। সেক্ষেত্রে গোল গড়ে যে দল এগিয়ে যাবে, তারাই ফাইনারে ভারতের সঙ্গী হবে। 

লিগ টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। তিন ও চারে থাকা দল দুটি মাঠে নামবে ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে।