১৩ অক্টোবর ২০২৬, ২১:০৯

টেনিস কোর্টে বিবর্ণ দিন বাংলাদেশি খেলোয়াড়দের

টেনিস কোর্টে বিবর্ণ দিন বাংলাদেশি খেলোয়াড়দের  © সংগৃহীত

রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার মূল পর্বের খেলা। তবে টুর্নামেন্টের প্রথম দিনে জয়ের দেখা পাননি কোনো বাংলাদেশি খেলোয়াড়। বিদেশি খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স ও প্রতিযোগিতামূলক পরিবেশের সামনে প্রতিরোধই গড়তে পারেননি স্থানীয় টেনিস তারকারা।

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের শুরুটা একেবারেই ভালো হয়নি। কোর্ট ১-এ বালিকা এককের ম্যাচে বাংলাদেশের সারা আল জাসিম চীনের প্রতিপক্ষ জিমো সোংয়ের মুখোমুখি হয়েছিলেন। এই ম্যাচে ৬-০, ৬-০ গেমে সরাসরি ব্যবধানে পরাজিত হন তিনি। একই পরিণতি বরণ করতে হয় কোর্ট ৩-এ নামা জান্নাতুন ফেরদৌসকেও, চীনের জিজিউয়ের বিপক্ষে ৬-১, ৬-০ গেমে হার স্বীকার করেন। এ ছাড়া কোর্ট ৫-এ বালিকা এককের অপর ম্যাচে চীনা প্রতিপক্ষ জিরু ইয়াংয়ের কাছে ৬-১, ৬-০ গেমে পরাজিত হন হুমায়রা হায়দার।  

বালক এককের লড়াইয়েও স্বাগতিকদের চিত্র একই রকম। কোর্ট ৩-এ বালক এককের ম্যাচে ভারতের শংকল্প কুমার সাহানির কাছে ৬-৩, ৬-৪ গেমে পরাজিত হন কাব্য গায়েন। অন্যদিকে কোর্ট ৭-এ বাংলাদেশের মো. রাকিন রহমানের বিপক্ষে ওয়াকওভার পেয়েছেন ভারতের শাহবাজ সিং সাংহেরা।

বালক এককে টুর্নামেন্টের ১ নম্বর বাছাই থাইল্যান্ডের ত্রিশ শ্রীসেন ৬-৪, ৬-৪ গেমে ভারতের অর্শ ওয়াকেকে, ভারতের সক্ষ্ম ভংসালী ৬-০, ৬-২ গেমে চীনের রংবিন দাইকে, চীনের তিয়ানয়ি ফাং ৬-১, ৬-৪ গেমে সিঙ্গাপুরের আন্দ্রে হারনাদিওয়কে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছেন।

বালিকা এককের প্রথম রাউন্ডে চীনের শুইয়াং জু ৬-৭(৫), ৬-২, ৬-৪ গেমে অস্ট্রেলিয়ার আইলা হাসানকে পরাজিত করে জয় তুলে নেন।