০৪ অক্টোবর ২০২৬, ১৯:৪২

নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’

জিন্নাত আক্তারকে সংবর্ধনা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়  © সংগৃহীত

দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত কোনো ইভেন্টে পদক জিতেছে বাংলাদেশ। উশুতে ব্রোঞ্জ পদক এনে দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন জিন্নাত আক্তার। তবে দেশের জন্য গৌরব বয়ে আনা এই খেলাটিরই নেই কোনো নিজস্ব অনুশীলন ভেন্যু।

এশিয়ান গেমসের প্রস্তুতির সময়ও স্থায়ী কোনো ঠিকানা পাননি জিন্নাত। বিভিন্ন জায়গায় অনুশীলন করতে হয় তাকে। কিছুদিন আর্মি স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন।

রবিবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে জিন্নাত আক্তারকে সংবর্ধনা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জিন্নাতের হাতে সংবর্ধনার ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন তিনি।

এ সময় উশুর জন্য আলাদা ভেন্যু নির্মাণের ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমিনুল হক বলেন, ‘আমি জিন্নাত আক্তারের মতো যারা আছে, তাদের যে প্রত্যাশা, একটি ভেন্যু দরকার। আমরা ইতোমধ্যে কমলাপুর স্টেডিয়ামের পাশে একটি জায়গা নির্ধারণ করেছি। সেখানে উশুর জন্য একটি আলাদা ভেন্যু তৈরি করে দেব। যাতে উশুতে আমরা আরো ভালো কিছু অর্জন করতে পারি।’

জিন্নাতের হাত ধরে এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলেও, এবার উশুর জন্য স্থায়ী অবকাঠামো তৈরির উদ্যোগ সেই সাফল্যকে আরও এগিয়ে নেওয়ার নতুন সম্ভাবনা তৈরি করেছে।