২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৮

এগিয়ে গিয়েও জয় অধরাই থাকল বাংলাদেশের

বাংলাদেশ নারী হকি দল  © সংগৃহীত

এশিয়ান গেমসের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরেছে বাংলাদেশ নারী হকি দল।

রবিবার (২৭ সেপ্টেম্বর) জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরুটাও অবশ্য বাংলাদেশের পক্ষে ছিল না। ষষ্ঠ মিনিটেই হুয়াং ইউ-টিংয়ের গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৯তম মিনিটে কনা আক্তারের গোলে সমতায় ফেরে তারা। এরপর ২৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন কনা।

তবে তৃতীয় কোয়ার্টারে আবারও ম্যাচে ফেরে চাইনিজ তাইপে। ৪৫তম মিনিটে ওয়াং ইউ-চিউয়ের গোলে সমতায় ফেরে তারা। শেষ কোয়ার্টারে ৫৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে চাইনিজ তাইপেকে এগিয়ে দেন হুয়াং ইউ-টিং। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি বাংলাদেশ, শেষমেশ ৩-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এশিয়ান গেমসে নারী হকিতে চীনের বিপক্ষে অভিষেক হয়েছিল লাল-সবুজ শিবিরের। প্রথম ম্যাচে ১৩-০ গোলে চীনের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ৮-০ গোলে পরাজয় দেখেছিল। এ ছাড়া চতুর্থ ম্যাচে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে প্রথম পয়েন্টের দেখা পায় দলটি।

গ্রুপ পর্বের ৫ ম্যাচে ৪ হার ও এক ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট। পুল ‘এ’-তে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চীন।