২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৮

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের

জিন্নাত আক্তার  © সংগৃহীত

জাপানের আইচি ও নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে বাংলাদেশের নাম পদক তালিকায় উঠল নারী উশু খেলোয়াড় জিন্নাত আক্তারের হাত ধরে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারীদের ৫২ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনালে জিন্নাতের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা নির্ধারিত ওজন কমাতে না পারায় ডিসকোয়ালিফাই হয়ে যান। এতে কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন বাংলাদেশের এই উশু খেলোয়াড়।

আগামী বুধবার সেমিফাইনালে চীনের প্রতিপক্ষের মুখোমুখি হবেন সেনাবাহিনীর এই অ্যাথলেট।

নেত্রকোনার জিন্নাত ২০১৯ সাল থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে কখনো দ্বিতীয় হননি। ৭টি স্বর্ণপদক জেতা এই কিশোরীর এটিই প্রথম আন্তর্জাতিক আসর। আর অভিষেকেই এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে পদক নিশ্চিত করেছেন তিনি।

নারীদের ৫২ কেজি ইভেন্টে ১৫ জন খেলোয়াড় নকআউট পদ্ধতিতে প্রি-কোয়ার্টার ফাইনালে অংশ নেন। বাংলাদেশের একমাত্র উশু খেলোয়াড় হিসেবে জিন্নাত এই রাউন্ডে বাই পান। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা, প্রি-কোয়ার্টারে ফিলিপাইনের কিলাপোকে হারিয়েছিলেন তিনি। ২০ সেপ্টেম্বর প্রতিযোগিতায় অংশ নিলেও কোয়ার্টার ফাইনালের আগে ওজনের শর্ত পূরণ করতে না পারায় ফ্লোরেন্তিনা অযোগ্য হন।

১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ ব্রোঞ্জ জেতেন, ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের প্রথম পদক ছিল এটি। এরপর কাবাডি ও ক্রিকেটে বাংলাদেশ পদক পেলেও সেগুলো ছিল দলীয় ইভেন্টে।

প্রায় চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে আবারও পদক নিশ্চিত হলো বাংলাদেশের।