১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার ম্যাচের আগে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সংগীত

ম্যাচ শুরুর আগে সমবেত হয়ে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা  © সংগৃহীত

এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরুর আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাপানের গিফুর গ্রিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের

ম্যাচ শুরুর আগে মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা। এ সময় জাতীয় সংগীত হিসেবে উত্তর কোরিয়ার সংগীত বেজে উঠলে তারা বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকাতে থাকেন। ভুল বুঝতে পেরে দ্রুত ক্ষমা চায় স্টেডিয়ামের ঘোষণাকারী। তিনি বলেন, ‘আমরা সত্যিই দুঃখিত, ভীষণ দুঃখিত। কোরিয়া প্রজাতন্ত্রের জাতীয় সংগীত বাজানোর কথা ছিল, কিন্তু আমরা ভিন্ন একটি গান বাজিয়েছি। আমি সত্যিই দুঃখিত।’

পরে মাঠে গড়ায় ম্যাচটি এবং বাংলাদেশকে ৫-০ গোলে হারায় দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ার জাতীয় সংগীতসহ দেশটির বিভিন্ন প্রতীক নিষিদ্ধ। দুই দেশের মধ্যে ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত যুদ্ধের পর শান্তিচুক্তি নয়, যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। ফলে দুই দেশ এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। 

জাতীয় সংগীত বাজানোর এ ভুল নিয়ে এশিয়ান গেমসের আয়োজক কমিটি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এবারের এশিয়ান গেমসে আয়োজকদের বিরুদ্ধে একাধিক সাংগঠনিক সমস্যা নিয়ে অভিযোগ উঠেছে। দক্ষিণ কোরিয়ার বাস্কেটবল খেলোয়াড়রা কক্ষের আকার নিয়ে অসন্তোষ জানিয়েছেন। এ ছাড়া পুরুষ ফুটবল দলের প্রস্তুতিতেও পরিবহনসংক্রান্ত সমস্যার প্রভাব পড়েছে। দলটি এবারের আসরের বর্তমান চ্যাম্পিয়ন।