০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০

আবদুল মান্নান লাডু ট্রফি মিদুলের, রানারআপ মনজুর শান্ত ও জাহিদ মুনীর

কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল  © সংগৃহীত

পুরস্কার বিতরণ ও নবীন সদস্যদের বরণের মধ্য দিয়ে শেষ হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৬। এবার ৮ ইভেন্টের ১২ ডিসিপ্লিনে অংশ নেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শতাধিক সদস্য।

এবারের মো. আবদুল মান্নান লাডু ট্রফি—স্পোর্টসম্যান অব দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন মিদুল হাসান। সাঁতারে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্যারম দ্বৈতে মো. জহিরুল ইসলামের সঙ্গে জুটি বেঁধে শিরোপা জেতেন তিনি। এ ছাড়া ক্যারম এককে রানারআপ, আর্চারিতে তৃতীয় এবং ১০০ মিটার স্প্রিন্টে রানারআপ হন মিদুল।

এতে প্রথম রানারআপ হয়েছেন মনজুর এলাহী শান্ত। শুটিং ও শটপুটে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্যারম এককে তৃতীয় হন তিনি।

আর দ্বিতীয় রানারআপ হয়েছেন জাহিদ মুনীর। কলব্রিজে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুয়েন্টি নাইনে সুদীপ্ত আহমদ আনন্দের সঙ্গে জুটি বেঁধে শিরোপা জেতেন তিনি। দাবাতেও তৃতীয় হন জাহিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে তার সঙ্গে ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, সুস্বাস্থ্যের জন্য ক্রীড়া সাংবাদিকদেরও খেলাধুলায় যুক্ত থাকা জরুরি। এই আয়োজন বছরব্যাপী করার পাশাপাশি সারাদেশের ক্রীড়া সাংবাদিকদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। ধারাবাহিকভাবে এমন আয়োজনের জন্য বিএসপিএর সদস্যদের ধন্যবাদ জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

এ ছাড়া আসন্ন এশিয়ান গেমসের পর দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার কথা বলেন আমিনুল হক। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে পদক আসতে পারে, এমন ইভেন্টগুলোকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। এ ছাড়া প্রতিযোগিতার নানাদিক তুলে ধরেন ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম। 

একই অনুষ্ঠানে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় বিএসপিএ। আর প্রতিবছরের মতো এবারও ছিল ঐতিহ্যবাহী মেজবান।