এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
চীনে চলমান পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। পুল ‘বি’র দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪–২ গোলে হেরেছে লাল-সবুজের যুবারা।
ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলই ছিল বেশ সতর্ক। রক্ষণ সামলে খেলায় মনোযোগ দেওয়ায় প্রথম ১৫ মিনিটে কোনো গোলের দেখা মেলেনি। তবে দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে মালয়েশিয়া। তারা দুটি গোল করে এগিয়ে যায়।
২৪টম মিনিটে আবদুল্লাহর গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। ফলে প্রথমার্ধ শেষে ২–১ গোলে এগিয়ে থাকে মালয়েশিয়া।
তৃতীয় কোয়ার্টারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৩৩তম মিনিটে মাহাদী হাসান অভির গোলে সমতায় ফেরে তারা। এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য আক্রমণাত্মক হয়ে উঠলেও সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
শেষ কোয়ার্টারে অবশ্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় মালয়েশিয়া। পরপর আরও দুটি গোল করে তারা ব্যবধান বাড়িয়ে নেয় এবং শেষ পর্যন্ত ৪–২ গোলের জয় নিশ্চিত করে।
এই জয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেল মালয়েশিয়া, আর বাংলাদেশের এটি টানা দ্বিতীয় হার।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ মঙ্গলবার কাজাখস্তানের বিপক্ষে।