১৫ আগস্ট ২০২৬, ২০:৫৩

পুরুষ হয়ে নারী বিভাগে খেলা! মেডিকেল পরীক্ষার পর বাতিল হলো পদক

জান্নাত বেগম ও কবিতা রায়  © সংগৃহীত

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নিবন্ধিত দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে ফেডারেশন। মেডিকেল বোর্ডের প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ব অ্যাথলেটিক্সের বিধিমালা অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেডারেশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে জান্নাত বেগম এবং বাংলাদেশ নৌবাহিনীর হয়ে কবিতা রায় অ্যাথলেটিক্সে অংশ নেন। তবে নিজ নিজ সংস্থার অভিযোগের পর তাদের লিঙ্গ-সংক্রান্ত যোগ্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর গত ১১ মে কার্যক্রম শেষ হয় এবং ১৬ মে বোর্ড তাদের চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কাছে জমা দেয়।

ফেডারেশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেডিকেল বোর্ডের প্রতিবেদনে জান্নাত (২৮) এবং কবিতা (১৯) উভয়ের ক্ষেত্রেই তাদের ক্রোমোজোম (৪৬),  এক্সওয়াই ডিএসডি (XY DSD) শনাক্ত হয়েছে। প্রতিবেদনে উভয়ের পেনোস্ক্রোটাল হাইপোস্পেডিয়াস থাকার কথাও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া উভয় গোনাড ইনগুইনাল ক্যানেলে অবস্থিত বলে জানানো হয়েছে।

পরীক্ষায় রক্তে টেস্টোস্টেরনের মাত্রাও নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া যায়। জান্নাত বেগমের টেস্টোস্টেরন ১৯ দশমিক ৬৬ নাওমোল প্রতি লিটার এবং কবিতা রায়ের ১৬ দশমিক ৫ নাওমোল প্রতি লিটার পাওয়া গেছে। ফেডারেশনের দাবি, বিশ্ব অ্যাথলেটিক্সের সংশ্লিষ্ট ডিএসডি বিধিমালায় নারী বিভাগে অংশগ্রহণের ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা ২ দশমিক ৫ নাওমোল প্রতি লিটার-এর নিচে রাখার শর্ত রয়েছে।

এই শর্ত পূরণ না হওয়ায় এবং মেডিকেল বোর্ডের প্রতিবেদনের ভিত্তিতে দুই অ্যাথলেটকে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

এদিকে এই সিদ্ধান্তের অংশ হিসেবে জান্নাত বেগমের অর্জিত দুটি নতুন জাতীয় রেকর্ডসহ মোট ৮টি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক বাতিল করা হয়েছে। এসব পদক জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে অর্জন করেছিলেন তিনি।

অন্যদিকে কবিতা রায়ের ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার ইভেন্টে অর্জিত একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক বাতিল করা হয়েছে।

ফেডারেশনটি জানিয়েছে, বাতিল হওয়া পদক ও ফলাফল সংশ্লিষ্ট ইভেন্টের তালিকায় পরবর্তী স্থানে থাকা অ্যাথলেটদের মধ্যে নিয়ম অনুযায়ী পুনর্বণ্টন বা ‘বডিলি শিফট’ করা হবে। ক্রীড়াঙ্গনে বিশ্ব অ্যাথলেটিক্সের নিয়মনীতি অনুসরণ, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।