ফাইনালে থামল বাংলাদেশের স্বপ্ন, চ্যাম্পিয়ন পাকিস্তান
কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে দারুণ লড়াইয়ের পরও শিরোপা জেতা হলো না বাংলাদেশের। ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে সরাসরি ৩-০ সেটে হেরে রানার্স-আপ হয়েই টুর্নামেন্ট শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বুধবার (২৯ জুলাই) ইসলামাবাদে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। স্বাগতিকদের শক্তিশালী আক্রমণের সামনে পুরো ম্যাচেই ছন্দ খুঁজে পায়নি লাল-সবুজেরা। ফলে ২০-২৫, ১৬-২৫ ও ২০-২৫ পয়েন্টে টানা তিন সেট হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় তাদের।
এর আগে, রাউন্ড রবিন পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল দলটি। লিগ পর্বে একমাত্র হারটি ছিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষেই। পরে সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারিয়ে প্রথমবারের মতো আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।
তবে শিরোপা নির্ধারণী ম্যাচে আবারও পাকিস্তানের বাধা পেরোনো সম্ভব হয়নি সফরকারীদের। শেষ পর্যন্ত রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। সব মিলিয়ে টুর্নামেন্টে পাঁচটি জয় নিয়ে রৌপ্যপদক জিতে দেশে ফিরছে দলটি। অন্যদিকে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে শ্রীলঙ্কা।