দুর্দান্ত দাপটে ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে উজবেকিস্তানকে টানা তিন সেটে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে লাল-সবুজেরা।
মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। প্রথম সেটে ২৫-২১ পয়েন্টে জয়ের পর দ্বিতীয় সেটও ২৫-২০ ব্যবধানে নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তৃতীয় সেটে ২৫-১৯ পয়েন্টে জিতে ৩-০ সেটের দুর্দান্ত ব্যবধানে ম্যাচ শেষ করে বাংলাদেশ।
এর আগে, লিগ পর্বেও উজবেকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছিল বাংলাদেশ। এরপর কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে তারা। উজবেকিস্তানের বিপক্ষে এই জয় চলতি আসরে বাংলাদেশের টানা পঞ্চম জয়।
এদিকে দিনের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সেই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষেই শিরোপা নির্ধারণী ফাইনালে খেলবে বাংলাদেশ।