০৫ মে ২০২৬, ১৯:১৩

বল হাতে সাকিবুলের ঘূর্ণি জাদু, মাইরিনের গোলবন্যা

সাকিবুল হাসান ও মাইরিন আক্তার   © সংগৃহীত

সারাদেশে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের মহোৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর চতুর্থ দিনে মাঠ মাতিয়েছেন চট্টগ্রাম ও ঝিনাইদহের দুই খুদে বিস্ময়। ফুটবলে পটিয়ার মাইরিন আক্তারের হ্যাটট্রিক আর ক্রিকেটে ঝিনাইদহের সাকিবুল হাসানের অবিশ্বাস্য বোলিং স্পেলে মুখরিত ছিল খেলার মাঠ।

মঙ্গলবার (৫ মে) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বালিকা ফুটবলে একক আধিপত্য দেখায় পটিয়া উপজেলা দল। পটিয়ার খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মাইরিন আক্তারের দুর্দান্ত নৈপুণ্যে হাটহাজারী উপজেলাকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে তার দল। খেলার মাঠে মাইরিন একাই তিনটি গোল করে চলতি আসরের প্রথম হ্যাটট্রিক করার বিরল গৌরব অর্জন করেন। তার এই দাপুটে পারফরম্যান্সের সুবাদে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পটিয়া উপজেলা।

অন্যদিকে, ঝিনাইদহে ক্রিকেটের মাঠে দেখা গেছে এক অভাবনীয় স্পেল। কালীগঞ্জ উপজেলার স্পিনার সাকিবুল হাসান ঘূর্ণি জাদুতে একাই ধসিয়ে দেন কোটচাঁদপুর উপজেলার ব্যাটিং লাইনআপ। মাত্র ২ ওভার বল করে একটি মেইডেনসহ মাত্র ৫ রান খরচায় ৬টি উইকেট তুলে নেন এই কিশোর। এর মধ্য দিয়ে এবারের আসরে প্রথমবারের মতো ক্রিকেটে হ্যাটট্রিকের স্বাদ নেন তিনি। 

সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সাকিবুলের এমন বোলিং তোপে ১০ ওভারে মাত্র ৪৮ রান তুলতে সক্ষম হয় কোটচাঁদপুর। জবাবে কোনো উইকেট না হারিয়েই সহজ জয় তুলে নেয় কালীগঞ্জ উপজেলা, এতে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।

সাকিবুল ঝিনাইদহের কালীগঞ্জ থানার নলডাঙ্গা এলাকার পাইকপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও গৃহিণী পারভীনা খাতুনের সন্তান। গ্রামীণ জনপদ থেকে উঠে আসা এই দুই প্রতিভার এমন সাফল্যে উচ্ছ্বসিত আয়োজকরা। দেশের ৬৪টি জেলায় একযোগে চলা এই প্রতিযোগিতার মাধ্যমে মাইরিন ও সাকিবুলদের মতো প্রতিভারা আগামীতে জাতীয় পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে বলে ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন।