৩১ ডিসেম্বরের আগে এনটিআরসিএর সার্কুলার দেওয়ার দাবি তারেক রহমানের
আগামী ৩১ ডিসেম্বরের আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সার্কুলার দেওয়ার দাবি জানিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনের নিকট এই সার্কুলার দিতে অনুরোধও জানিয়েছেন তিনি।
আজ শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ থেকে দেওয়া এক পোস্টে এই দাবি জানিয়েছেন তিনি।
পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘১ জানুয়ারি ২০২৭ অনেকের বয়স সীমা ৩৫ বছর ক্রস করবে। শিক্ষক হতে আগ্রহী লাখো শিক্ষার্থীর স্বপ্ন ধুলায় মিশে যাবে। অপেক্ষা সেই ২০২৩ সাল হতে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের বিনীত দৃষ্টি আকর্ষণ, ৩১ ডিসেম্বরের আগে এনটিআরসিএর সার্কুলার দিয়ে দিলে খুব উপকার হত। আমি তো বয়স শেষ হতে যাওয়া শিক্ষার্থীদের কোন অপরাধ দেখি না, যে কেন তারা এই পরিনাম ভোগ করবে।’
তিনি আরও লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, শিক্ষামন্ত্রী মহোদয়, স্যারের শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন স্যারসহ সকলের নিকট আরজি জানাচ্ছি, এনটিআরসিএ সার্কুলারটা ৩১ ডিসেম্বরের আগেই দিয়ে দিন, পরীক্ষা যখন হয় নিন, কিন্তু বয়স শেষ হবার আগেই আবেদনের সুযোগটা দিন। এই একটা ক্ষেত্রেই কেবল ৩৫ বছর বয়সে আবেদন করা যায়, তাই এই সংকট বিবেচনায় বিনীত সহযোগিতা প্রার্থনা করছি।’