তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারি পরীক্ষার ১০০ নম্বর বণ্টন যেভাবে
নতুন কাঠামোয় তিন ধাপে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে এ নিয়োগ পরীক্ষা। প্রস্তাবিত পদ্ধতিতে আগের পরীক্ষার ধরনে পরিবর্তন এনে প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার পাশাপাশি যুক্ত করা হচ্ছে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা। প্রথম ধাপে এক ঘণ্টার ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি বিষয়ে ২৫ নম্বর করে প্রশ্ন থাকতে পারে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা পরিচালনা করছে কর্তৃপক্ষ। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এবং সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন না হওয়া পর্যন্ত পরীক্ষার সময়সূচি ও পদ্ধতি চূড়ান্ত হচ্ছে না।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, নবম শিক্ষক নিয়োগে প্রার্থী বাছাই করা হবে তিন ধাপে। প্রথম ধাপে অনুষ্ঠিত হবে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা। এক ঘণ্টার এ পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। অন্যদিকে, প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য একটি সঠিক উত্তরের সমান নম্বর কাটা হবে। এ ধাপে উত্তীর্ণ হতে প্রার্থীকে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সিলেবাসে চারটি বিষয় রাখা হচ্ছে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকতে পারে।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষার জন্য তিন ঘণ্টা সময় নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীরা শেষ ধাপে ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ তিন ধাপে একজন প্রার্থীকে মোট ২২০ নম্বরের মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে। তবে লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, নম্বর বণ্টন এবং মৌখিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি। সংশোধিত বিধিমালায় এসব বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এনটিআরসিএ সূত্র বলছে, নতুন পদ্ধতিতে আগামী ডিসেম্বরে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। নতুন পরীক্ষা আয়োজনের আগে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করতে হবে এবং এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। অনুমোদন পাওয়া গেলে পরীক্ষার বিজ্ঞপ্তি, আবেদন শুরুর সময়, প্রার্থীদের যোগ্যতা, পরীক্ষার তারিখ ও বিস্তারিত সিলেবাস আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফলে ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও তা এখনো চূড়ান্ত নয়।
প্রসঙ্গত, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত হয় ওই পরীক্ষার প্রিলিমিনারি ধাপ। দীর্ঘ বিরতি পেরিয়ে এবার নতুন কাঠামোয় শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ।