১০ অক্টোবর ২০২৬, ২১:৪৫

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

এনটিআরসিএ  © ফাইল ছবি

দ্রুত সময়ের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধন বা ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চাকরিপ্রার্থীদের পক্ষে মতিউর রহমান, আল মামুন এবং জোবায়ের আলম শেখ এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে চাকরিপ্রার্থীরা বলেছেন, ‘আমরা লাখ লাখ বেকার দেশ ও জাতি গঠনের উত্তম পেশা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে দিন গুনছি। এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসায় হাজার হাজার পদ দীর্ঘদিন ধরে ফাঁকা। কিন্তু এনটিআরসিএ দীর্ঘদিন ধরে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে না। তারা সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করে (০২ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ), যদিও তাদের প্রতি বছর শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিধান আছে। এমতাবস্থায় অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে।’

তারা বলছেন, ‘দ্রুত সময়ের মধ্যে ১৯তম বা ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মেধাবীদের শিক্ষক হওয়ার সুযোগ দিতে হবে।’

চাকরিপ্রার্থীদের তিন দফা দাবি হলো-
১) দ্রুত সময়ের মধ্যে ১৯তম বা ৯ম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
২) ১৯তম বা ৯ম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তির আগে বিশেষ বা অন্য কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ না করা।
৩) ১৯তম নিবন্ধন বয়সসীমা ১লা জুন ২০২৫ ধরে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে।