১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১১

প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু ১ অক্টোবর, ৭ কাগজপত্র সঙ্গে আনার নির্দেশ

এনটিআরসিএ  © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের সাত ধনের কাগজপত্র সঙ্গে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) ড. মোহাম্মদ মনজুরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ০১ অক্টোবর সকাল ৯ টা হতে শুরু হবে। MCQ পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে প্রার্থীর পূর্বে প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য MCQ পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রাদির মূলকপি এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০১ (এক) সেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে (৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০) নির্ধারিত তারিখ এবং নির্ধারিত সময়ের ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো

যে ৭ ধরনের কাগজপত্র আনতে হবে
(ক) শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র (Certificates) ও নম্বরপত্র (Transcripts / Marks Sheets); (খ) অভিজ্ঞতার সনদপত্র (সংযুক্ত নমুনা অনুযায়ী); (গ) সকল যোগদানপত্র ও নিয়োগপত্র; (ঘ) এমপিওভুক্তি ও এমপিও সংশ্লিষ্ট সকল কাগজপত্রাদি; (ঙ) প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র; (চ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি); (ছ) MCQ পরীক্ষার প্রবেশ পত্র।