১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৯

মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো

এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ সভা শেষ হয়েছে। সভায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর থেকেই প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এনটিআরসিএর কার্যালয়ে এ সভা শুরু হয়। সন্ধ্য ৭টার কিছু আগে সভাটি শেষ হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এনটিআরসিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১২টি বোর্ডে ভাইভা নেওয়া হবে। সকাল-বিকাল দুই শিফট মিলিয়ে মোট ৩৫ জনের ভাইভা নেওয়া হবে। আগামী সপ্তাহে মন্ত্রণালয় অনুমতি দিলে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

এদিকে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা হাতে নিয়েছে এনটিআরসিএ। পরিকল্পনা অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় সংস্থাটি।

এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চলছে। এ অবস্থায় নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করলে জটিলতা দেখা দিতে পারে। এজন্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা থাকলেও সেটি সম্ভব হচ্ছে না। শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংস্থাটি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে অক্টোবর মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের তাগাদা দেওয়া হয়েছে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তবে অক্টোবরের মধ্যে শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ না হলে নভেম্বরের দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।’

শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হওয়ার ওপর ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি নির্ভর করছে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি আমাদের রয়েছে। শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হওয়ার পরপরই প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’