২৫ আগস্ট ২০২৬, ১৭:০৪

ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন কবে, জানাল এনটিআরসিএ

এনটিআরসিএ  © ফাইল ছবি

৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ১৯৯ জনের প্রতিস্থাপন চলতি সপ্তাহে হচ্ছে না বলে জানা গেছে। তবে আগামী সপ্তাহের শেষ দিকে তাদের প্রতিস্থাপন করা হতে পারে।

মঙ্গলবার (২৫ আগস্ট)  বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের দ্রুত সময়ের মধ্যে প্রতিস্থাপনের নির্দেশনা দিয়েছে। তবে শূন্য পদ থেকে ১৯৯ জনের বিষয়গুলো খুঁজে বের করতে কিছুটা জটিলতা দেখা দিয়েছে।

সূত্রের তথ্য বলছে, ১৯তম নিবন্ধন থেকে নতুন পদ্ধতিতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করার কারণে পূর্বের সফটওয়্যার আপডেট করা হয়েছে। এজন্য ১৯৯ জনের প্রত্যেকের কোড পৃথক পৃথকভাবে খুঁজে এন্ট্রি করতে হচ্ছে। এর ফলে প্রতিস্থাপন করতে কিছুটা সময় লাগছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৯৯ জনকে প্রতিস্থাপন করতে দ্রুত গতিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বেসরকারি শিক্ষকদের বদলির পূর্বেই তাদের প্রতিস্থাপন করা হবে।’

গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এনটিআরসিএকে এক সপ্তাহের মধ্যে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপনের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।