২৪ জুন ২০২৬, ১৬:২৯

৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসিএর সভা, যে সিদ্ধান্ত হলো

এনটিআরসিএ  © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ম শিক্ষক নিয়োগের মাধ্যমে ৭০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এজন্য একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এনটিআরসিএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী সভাপতিত্ব করেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শূন্য পদের সঠিকতা যাচাই করতে অধিদপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির জবাব অর্থাৎ পদের সঠিকতা যাচাই কার্যক্রম শেষ হয়েছে। এজন্য আমরা সভায় বসেছিলাম।’

৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে কী সিদ্ধান্ত হলো এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারি না। এজন্য আমরা খুব দ্রুত সময়ের মধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠাব। আগামী সপ্তাহের শুরুতে চিঠি পাঠানোর সম্ভাবনা বেশি। এরপর মন্ত্রণালয় যখন অনুমতি দেবে, তখন ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

এর আগে ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তথ্য পেয়েছিল এনটিআরসিএ। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্য পদ ছিল সহকারী শিক্ষকের, ৪৪ হাজার ৬৯১টি। 

এছাড়া সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা) ৯২৮; সহকারী শিক্ষক/শরীরচর্চা প্রশিক্ষক: ৪,০১৪; সহকারী মৌলভি ১১ হাজার ৬৯; কম্পিউটার ব্যবহারিক নির্দেশক ১২৯; ব্যবহারিক নির্দেশক ১ হাজার ৬১৬; ইবতেদায়ি কারি ২ হাজার ৫৬৩; ইবতেদায়ি মৌলভি ৬ হাজার ১৬৬; ইবতেদায়ি শিক্ষক ৪৪৪; প্রশিক্ষক ৫১; প্রভাষক ৫ হাজার ৮৫২; শারীরিক শিক্ষা প্রশিক্ষক ১২৫ এবং বাণিজ্য প্রশিক্ষক ২৫১ জনকে নিয়োগ দেওয়া হবে।