২০ জুন ২০২৬, ১৫:৩৪

শিক্ষকদের চাকরি জাতীয়করণ নিয়ে প্রধানমন্ত্রীকে ১৬ বছর আগের কথা স্মরণ করালেন সেলিম ভূঁইয়া

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া  © সংগৃহীত

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজের প্রত্যাাশার কথা বলেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে এই দাবি জানান তিনি। একই সঙ্গে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্তকরণের দাবিও জানিয়েছেন তিনি।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা, হাজার হাজার কোটি টাকা, ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা শিক্ষার জন্য বরাদ্দ রেখেছেন। আজকে আমার প্রধানমন্ত্রী কেন বিতর্কিত হবে এদেশের শিক্ষা, শিক্ষার উন্নয়নের জন্য? সেজন্য আমি চাই যে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ (করা হোক)।

তিনি বলেন, ২০১০ সালের ১২ মে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকার গঠন করতে পারলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন।

সেলিম ভূঁইয়া বলেন, ওই অনুষ্ঠানে বর্তমান বিএনপির মহাসচিব, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, খায়রুল কবির খোকন, আমানউল্লাহ আমান এবং জয়নাল আবেদীন ফারুকসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাই সেই ঘোষণার বাস্তবায়ন হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, শিক্ষকদের অভুক্ত রেখে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষক হচ্ছেন সেই শিক্ষার মেরুদণ্ড। তাই শিক্ষকদের অবহেলিত রেখে বা তাদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত করে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করা যাবে না।

দেশের প্রধানমন্ত্রী কখনোই শিক্ষকদের অভুক্ত দেখতে চান না উল্লেখ করে তিনি বলেন, তাই শিক্ষকদের ন্যায্য দাবি ও অধিকার নিশ্চিত করে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।