ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন নিয়ে ফাইল তুলেছে এনটিআরসিএ, তবে...
৬ষ্ঠ এবং ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রার্থীদের পুনরায় সুপারিশ করতে ফাইল তোলা হয়েছে। তবে নিয়মিত চেয়ারম্যান না থাকায় এ ফাইল অনুমোদনে চূড়ান্ত সভা ডাকা সম্ভব হয়নি। ফলে কবে নাগাদ ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন করা যাবে সেটি নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।
সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের শীর্ষ এক কর্মকর্তা এসব কথা বলেন।
জানা গেছে, ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের ফের সুপারিশের বিষয়টি নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ৯ম শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের চাহিদা নিতে সম্পূর্ণ নতুন একটি প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। ফলে আগের সুপারিশপ্রাপ্তদের এই নতুন প্ল্যাটফর্মে পুনরায় সুপারিশ করা কিছুটা জটিল হয়ে পড়েছে। এ বিষয়ে সমাধান খুঁজতে এনটিআরসিএ ও টেলিটকের মধ্যে একাধিক বৈঠকও চলমান। এছাড়া নিয়মিত চেয়ারম্যান না থাকায় বিষয়গুলো নিয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া সম্ভব হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর ওই কর্মকর্তা বলেন, ১৫০ থেকে ১৮০ এর মতো প্রার্থীর ফাইল তোলা হয়েছে। আমাদের নিয়মিত চেয়ারম্যান নেই। এজন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। নতুন চেয়ারম্যান আসার পর প্রতিস্থাপন নিয়ে সভা হবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
তিনি আরও বলেন, পুনরায় সুপারিশের বিষয়টি নিয়ে কাজ চলমান রয়েছে। যেহেতু নতুন প্ল্যাটফর্মে শূন্যপদের চাহিদা নেওয়া হয়েছে, তাই প্রতিস্থাপনের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে।