১৪ মে ২০২৬, ১৬:৫৫

শূন্য পদ পূরণ হচ্ছে না কেন, জানালেন এনটিআরসিএ সচিব

এ এম এম রিজওয়ানুল হক  © ফাইল ছবি

বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসায় ব্যাপক শিক্ষক সংকট রয়েছে। সংকট দূর করতে শিক্ষক নিয়োগে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে তাতেও শূন্য পদ পূরণ হচ্ছে না। ফলে প্রশ্ন উঠেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও কেন শিক্ষক সংকট দূর হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, ‘যতগুলো শূন্য পদ ততজন প্রার্থী পাওয়া যায় না। আমরা পর্যাপ্ত সংখ্যক আবেদন পাই না। এজন্য মূলত পদ ফাঁকা থেকে যাচ্ছে।’

শিক্ষক সংকট দূর করতে নতুন পদ্ধতিতে নিয়োগের পরিকল্পনা করা হয়েছে জানিয়ে এনটিআরসিএ সচিব আরও বলেন, ‘১:১ অর্থাৎ যতগুলো পদ, ততজনকে নিয়োগের সুপারিশ করা হবে। এজন্য সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় যাওয়া হচ্ছে।’

এদিকে ৯ম শিক্ষক বিজ্ঞপ্তির জন্য বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তথ্য পেয়েছে এনটিআরসিএ। সবচেয়ে বেশি শূন্য পদ সহকারী শিক্ষকের, ৪৪ হাজার ৬৯১টি। 

এছাড়া সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা) ৯২৮; সহকারী শিক্ষক/শরীরচর্চা প্রশিক্ষক: ৪,০১৪; সহকারী মৌলভি ১১ হাজার ৬৯; কম্পিউটার ব্যবহারিক নির্দেশক ১২৯; ব্যবহারিক নির্দেশক ১ হাজার ৬১৬; ইবতেদায়ি কারি ২ হাজার ৫৬৩; ইবতেদায়ি মৌলভি ৬ হাজার ১৬৬; ইবতেদায়ি শিক্ষক ৪৪৪; প্রশিক্ষক ৫১; প্রভাষক ৫ হাজার ৮৫২; শারীরিক শিক্ষা প্রশিক্ষক ১২৫ এবং বাণিজ্য প্রশিক্ষক ২৫১ জনকে নিয়োগ দেওয়া হবে।