যে ৯ কেন্দ্রে হবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ দিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ পরীক্ষা আগামী ১৮ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হচ্ছে। রাজাধানী ঢাকার ৯টি কেন্দ্রে এদিন চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনটিআরসিএর সচিব (উপসচিব) এ এম এম রিজওয়ানুল হকের সই করা এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, এদিন চারটি গ্রুপে পরীক্ষা নেওয়া হবে। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপ বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, ‘গ’ গ্রুপ দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে বা তথ্যের জন্য এনটিআরসিএ তিন কর্মকর্তার মোবাইল নম্বর দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা এসব নম্বরে যেকোনো বিষয়ে যোগাযোগ করতে পারবেন। নম্বরগুলো হচ্ছে — মো. মোস্তফা নুরুন্নবি শাকিল (সিস্টেম এনালিস্ট): ০১৭১৭-৯৭৬৩০৭, ড. এস এম আতিয়ার রহমান (সহকারী পরিচালক, পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-৩) ০১৭১৭৫৬০১২৫ এবং রফিকুল (সহকারী প্রোগ্রামার): ০১৭১৫-৫৯০৪০৫।
এছাড়া পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য এনটিআরসিএর অফিশিয়াল ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।
যেসব কেন্দ্রে হবে পরীক্ষা
৯টি কেন্দ্রে হবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে- লালমাটিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স, সরকারি বাঙলা কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।