০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৪

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

মো. আমিনুল ইসলাম ও এনটিআরসিএ লোগো  © ফাইল ছবি

দেশের বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় ১৩ হাজার ৫৯৯ জন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের আবেদন আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। প্রথমবারের মতো প্রতিষ্ঠানের শীর্ষ পদের এ নিয়োগ পরীক্ষা আগামী মার্চের প্রথম সপ্তাহে আয়োজন করা হতে পারে।

মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক সূত্র জানিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন করা যাবে। ২০ ফেব্রুয়ারি আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন। এরপর পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, কেন্দ্র নির্ধারণসহ অন্যান্য বিষয় ঠিক করা হবে। এ কাজে সাত থেকে ১০ দিন লাগতে পারে। এরপর পরীক্ষা নেওয়া হবে। তবে এগুলো প্রাথমিক পরিকল্পনা বলে জানিয়েছে সূত্রগুলো।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রতিষ্ঠান প্রধান নিয়োগের লিখিত পরীক্ষা খুব দ্রুত সময়ের মধ্যে আয়োজন করা হবে। প্রথমবারের মতো প্রশাসনিক এ পদে নিয়োগ পরীক্ষা আয়োজনে কোনো গড়িমসি করা হবে না। আবেদন শেষ হওয়ার পরপরই পরীক্ষা আয়োজন করা হবে।’

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সংক্রান্ত এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুযায়ী সারা দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯টি প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধানের পদ শূন্য রয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ রয়েছে ৩ হাজার ১৩১টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ ১৯০টি।

সূত্রের তথ্যানুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় স্নাতক পাস কলেজে অধ্যক্ষ ৫৮৪টি, উপাধ্যক্ষ ৬২৭টি। উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ ৭৬৮টি। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৩ হাজার ৯২৩টি, সহকারী প্রধান শিক্ষক ৩ হাজার ৮৭২টি। নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৫০৪টি শূন্যপদ রয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় কামিল পর্যায়ের প্রতিষ্ঠানে অধ্যক্ষ ৩৪টি, উপাধ্যক্ষ ৫৩টি পদ শূন্য। ফাজিল পর্যায়ের অধ্যক্ষ ২০২টি, উপাধ্যক্ষ ৩৪৩টি; আলিম অধ্যক্ষ ২১৯টি, উপাধ্যক্ষ ৩৭৭টি; দাখিলের সুপারিনটেনডেন্ট ৮৯৯টি, সহকারী সুপারিনটেনডেন্ট ১ হজার ৪টিসহ মোট শূন্যপদ ৩ হাজার ১৩১টি পদ শূন্য রয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ব্যবসায় ব্যবস্থাপনা অধ্যক্ষ ১১০টি। ভোকেশনালের সুপারিনটেনডেন্ট ৪০টি, সহকারী সুপারিনটেনডেন্ট ৪০টিসহ মোট শূন্যপদ রয়েছে ১৯০টি।