০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৬

যে কারণে পেছাল প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদনের সময়

এনটিআরসিএ  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগের আবেদন শুরুর সময় পেছানো হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়ার কথা থাকলেও আবেদন গ্রহণ কার্যক্রম আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

প্রতিষ্ঠান প্রধানের নিয়োগের আবেদন শুরুর সময় পেছানোর কারণ জানতে দ্য ডেইলি ক্যাম্পাসক কথা বলেছে এনটিআরসিএর একাধিক কর্মকর্তার সাথ। তারা বলছেন, মূলত আবেদনের প্ল্যাটফর্ম পুরোপুরি প্রস্তুত করতে পারেনি টেলিটক। সে কারণে আবেদন শুরুর সময় পেছানো হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ‘প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরুর জন্য টেলিটকের সঙ্গে সভা আয়োজন করা হয়েছিল। আবেদনের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা হয়েছে। কিছু বিষয়ে জটিলতা এখনো কাটেনি। আবেদনের প্ল্যাটফর্মটি পুরোপুরি তৈরি হয়নি। এজন্য আবেদনের সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।’

এর আগে এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিকে বলেছিল, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট https://ntrca.gov.bd এবং টেলিটক ওয়েবসাইটে।