১৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৬

জেনেশুনেই প্রাথমিকের শিক্ষক হয়েছি, বেতন-গ্রেড নিয়ে আফসোস করি না

প্রাথমিক শিক্ষিকা নায়লা সারাফ  © সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে জেনেশুনেই যোগ দিয়েছেন বলে জানিয়েছেন বুয়েটে পড়াশোনা করে প্রাইমারির শিক্ষক হয়ে আলোচনায় আসার নায়লা সারাফ । সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেছেন, বেতন-গ্রেড নিয়ে তার কোনো আফসোস নেই। এমনকি বেতন-ভাতা নিয়েও তিনি অহেতুক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন না। বরং মনের আনন্দে কাজ করে শিক্ষার্থীদের হাত ধরে দেশ ও জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেন।

নিজের অবস্থান তুলে ধরে নায়লা সারাফ বলেন, ‘প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে আমি জেনেশুনেই জয়েন করেছি। আমি কখনো বেতন গ্রেড নিয়ে আফসোস করি না। অহেতুক বেতন ভাতা নিয়ে পোস্ট ও করি না। আমি মনের আনন্দে কাজ করি। আমি চাই আমার শিক্ষার্থীদের হাত ধরে সমগ্র দেশ ও জাতি উন্নতির উচ্চ শিখরে পৌঁছাবে।

‘আমাকে গালি দিন, পাগল বা ছাগল বলুন আমি এমনই থাকবো। কারণ আমি তো পাওয়ার আশা ত্যাগ করেই এসেছি। তাই বলে আমি অন্য কাউকে বলতে পারি না যে আমাকে অনুসরণ করুন। কারণ প্রত্যেকের জীবনে আলাদা চাহিদা আছে।’

সহকর্মীদের ছোট করে নিজেকে বড় করার পক্ষপাতী নন জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার সহকর্মীদের খাটো করে কোনো পোস্ট বা মন্তব্যও করি না। করার পক্ষপাতী নই। কাউকে খাটো করে নিজে বড়ো হওয়া যায় না। আমি আমারই মতো।’