আলিমে ভর্তি আবেদনের সময় বাড়ল
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে ব্যর্থ হবে, সেসব শিক্ষার্থীরা আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পুন:নিরীক্ষণসহ পুন:মূল্যায়নে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের সঙ্গে আবেদন করতে পারবেন।
এদিকে আলিমের ভর্তি নীতিমালায় জানানো হয়েছে, ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে। সবশেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।