মেলা দেখতে গিয়ে বাড়ি ফেরা হলো না দুই বন্ধু ও ছোট ভাইয়ের
দেওয়ানগঞ্জে মেলা দেখতে যাওয়ার আনন্দ নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন দুই বন্ধু ও তাদের এলাকার এক ছোট ভাই। কিন্তু সেই আনন্দযাত্রাই শেষ হলো মর্মান্তিক দুর্ঘটনায়। পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনজনই।
রোববার (২৯ নভেম্বর) রাত পৌনে ৮ টার দিকে জামালপুরের ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং একই এলাকার রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু জিয়াউল হক ও বকুল তাদের এলাকার ছোট ভাই সোহেলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে দেওয়ানগঞ্জের মেলা দেখতে যাচ্ছিলেন। অন্যদিকে, দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৫১৭৭) ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং সোহেল গুরুতর আহত হন।
পরে আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। মেলা দেখতে একসঙ্গে বের হওয়া তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে রেফার করা হয়।
দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি ঘটনাস্থলে উল্টে পড়ে থাকতে দেখা যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি প্রয়োজনীয়সংখ্যক পুলিশ সদস্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।