২৯ নভেম্বর ২০২৬, ১৬:২৯

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

শেখ হাসিনা  © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না।’

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেশে অবস্থানরত আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের বিপদের মুখে ফেলছে।

তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতারা ফেসবুকে নানা ধরনের শোরগোল করছেন, আগুন দিচ্ছেন এবং সরাসরি সম্প্রচার করছেন। এসব কর্মকাণ্ড দেখে অনেকের মনে হচ্ছে দেশে বড় ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু বাস্তবে দেশে তেমন কিছু ঘটছে না।

ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, যারা অপরাধ করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করবে। এ সময় শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা সরাসরি বলেন, ‘মোটেও না।’

তথ্য উপদেষ্টা বলেন, আমরা চাই জার্নালিজম ফ্রি হোক, সহজ হোক। কিন্তু কেউ চাইলেই একটা পোর্টাল খুলে ফেলতে পারবে না। আমরা নিবন্ধনকে সহজ করব, কিন্তু নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না। 

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় অবাধ তথ্যপ্রবাহ ও নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা জরুরি। জনগণই সব ক্ষমতার উৎস এবং ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় আসে। আবারও ক্ষমতায় আসতে হলে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। তথ্য অধিকার আইনের ব্যবহার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তরুণ শিক্ষার্থীদের অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও মোহাম্মদ আবুল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকেরা অংশ নেন।