আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতির অভিযোগ
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ কেটে সড়কে ফেলে রাখার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে মধুখালী উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ডের প্রায় ২০০ গজ পূর্বে পাইকান্দি নতুন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা ডাকাতির প্রস্তুতি হিসেবে গাছটি কেটে সড়কে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ট্রাকচালক নাইন জানান, তিনি দুই থেকে তিনজন যুবককে ব্যাগ থেকে বৈদ্যুতিক করাত বের করে গাছ কাটতে দেখেছেন। গাছটি কেটে দ্রুত মোটরসাইকেলে উঠে তারা পূর্ব দিকে চলে যান।
খবর পেয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়, করিমপুর হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) টিটুর নেতৃত্বে পুলিশের একটি মোবাইল দল এবং মধুখালী থানার উপপরিদর্শক তন্ময় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গাছটি সরিয়ে ফেলেন।
এ বিষয়ে মধুখালী থানার ওসি সুকদেব রায় জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতির প্রস্তুতি বলে মনে করা হচ্ছে। এমনকি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যেও এ ঘটনা ঘটানো হতে পারে। কারণ, আগামী ২৯ ও ৩০ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি রয়েছে।