দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ
আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে মিছিল করে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ ও প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি এবং ভারতীয় পতাকায় অগ্নিসংযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি বের হয়। জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। মিছিলটি টিএসসি এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে চার রাস্তার মাঝখানে অবস্থান নিয়ে এক ঘণ্টার প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। তিনি বলেন, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে এবং সংসদে ফ্যাসিবাদ নিষিদ্ধের আইন পাস করে তা সংবিধানে যুক্ত করতে হবে।
শাহবাগে অবস্থান কর্মসূচিকে প্রাথমিক মহড়া উল্লেখ করে খোমেনী ইহসান বলেন, শিগগির আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা না হলে শাহবাগ মোড় অবরোধ করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
মিছিল থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে’, ‘অবিলম্বে হাসিনার ফাঁসি কার্যকর করো’, ‘মোদির কালো হাত ভেঙে দাও’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে খোমেনী ইহসান অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে। তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পরও নানা কৌশলে দলটিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান ট্রাইব্যুনালের মামলার মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলে দলটিকে সংগঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
খোমেনী ইহসান বলেন, আওয়ামী লীগের সব কার্যালয় ও সহায়-সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। দলটির চিহ্নিত নেতাদের রাজনীতি থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। শেখ মুজিব ও শেখ হাসিনা পরিবারের সদস্য এবং জুলাই গণহত্যায় জড়িত ব্যক্তিদেরও রাজনীতি করতে দেওয়া যাবে না বলে দাবি করেন তিনি। এমনকি আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়া বা টকশোতে দলটির পক্ষে কথা বললে সাত বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রাখার দাবিও জানান।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছিলেন এবং শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার পর সবার আগে বিএনপিকেই লক্ষ্যবস্তু করবে বলে মন্তব্য করেন তিনি।
ভারতের ভূমিকা নিয়েও অভিযোগ করেন খোমেনী ইহসান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারতের আচরণে পরিবর্তন আসবে বলে আশা করেছিলেন তারা। ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে, সীমান্ত হত্যা বন্ধ করবে, অসম চুক্তির অবসান ঘটাবে এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা দেবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু ভারত আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
এ অবস্থায় আগামী ১৬ ডিসেম্বর থেকে ‘ভারত খেদাও’ আন্দোলন শুরুর ঘোষণা দেন খোমেনী ইহসান। তিনি বলেন, দেশের কোথাও ভারতীয় পণ্য বিক্রি করতে দেওয়া হবে না এবং ভারত থেকে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হবে না।
সমাবেশে মায়ের ডাকের সংগঠক মঞ্জুর হোসেন ঈসা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তাঁরা রাজপথে নেমেছেন। ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সাজিদুল ইসলাম সুমনের মতো ব্যক্তিরা এখনো গুম রয়েছেন উল্লেখ করে তিনি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের ছাড় বা সমঝোতা না করার দাবি জানান।
ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম বলেন, আওয়ামী ফ্যাসিবাদ মোকাবিলায় কোনো শিথিলতা দেখানোর সুযোগ নেই। পুলিশ বাহিনী মনোবল হারালে যুক্তরাজ্যের মতো নাগরিকদের মধ্য থেকে স্বেচ্ছাসেবী পুলিশ নিয়োগের দাবি জানান তিনি। এ ক্ষেত্রে ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠন থেকে দেশপ্রেমিক নাগরিকদের নিয়োগ দেওয়ার প্রস্তাবও দেন।
সাইয়েদ কুতুব বলেন, বাংলাদেশ রক্তের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র হয়েছে, এটি কারও দান নয়। দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আস্ফালন মেনে নেওয়া হবে না।
কবি জিহাদী ইহসান বলেন, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের পাকিস্তান সফরকে কেন্দ্র করে একশ্রেণির মানুষ তাকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বলছে। তার অভিযোগ, আওয়ামী লীগ ও ভারতকে তোষণ না করলে মুক্তিযোদ্ধাদেরও রাজাকার আখ্যা দেওয়া হয়।
কর্মসূচিতে জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্যসচিব আবদুস সালাম, কেন্দ্রীয় সদস্য সাকিব সামিন, সাইদুল ইসলাম, জয়নুল আবেদিন ও হাফেজ বায়েজিদ বোস্তামিসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।