২৬ নভেম্বর ২০২৬, ২১:২১

বগুড়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক  © টিডিসি ছবি ও সম্পাদিত

বগুড়ার কাহালুতে অভিযান চালিয়ে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নিলয় প্রাং জয় (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। তিনি  কাহালু সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১১টা ৫০ মিনিটের দিকে কাহালু সদর ইউনিয়নের বুড়ইল উত্তরপাড়ায় তার নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনা পরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জেলা ছাত্রদল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিদর্শক মোছা. শামীমা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিলয়কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৫ দশমিক ৭ গ্রাম। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

গ্রেপ্তার নিলয় প্রাং জয় বুড়ইল উত্তরপাড়ার বাসিন্দা। তার পিতার নাম মোঃ নজরুল ইসলাম এবং মাতার নাম মোছা. নিলুফা ইয়াসমিন।

অভিযান শেষে তাকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কাহালু থানায় নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করা হয়।

উল্লেখ্য, নিলয় কাহালু সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বলে স্থানীয়ভাবে পরিচিত।

এদিকে ঘটনার পরপরই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বগুড়া জেলা ছাত্রদল। বগুড়া জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বগুড়া জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাহালু সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নিলয় প্রামানিক জয়কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বগুড়া জেলা শাখার সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ আজ উক্ত সিদ্ধান্ত অনুমোদন করেন।’