মহসিন কলেজের ঘটনায় ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন
চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে সংগঠনটির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা। একই সঙ্গে জাতীয় ছাত্রশক্তিকে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি মোমিনুল হক ও সেক্রেটারি খুররম মুরাদ এসব কথা বলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা, সহাবস্থানের সংস্কৃতি নিশ্চিত এবং সন্ত্রাস ও দখলদারত্বমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ছাত্রশিবির দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। কিন্তু মহসিন কলেজের একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রকৃত সত্য আড়াল করতে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই ছাত্রশিবিরের ওপর একতরফাভাবে দায় চাপানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও চেতনার পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় ছাত্রশক্তির সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি মহসিন কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল বাছির নাঈম সাংবাদিকদের কাছে ২৫ থেকে ৩০ জন আহত হওয়ার দাবি করেছেন। এসব অভিযোগের ক্ষেত্রে কারা, কী ধরনের অস্ত্র ব্যবহার করে কাদের আহত করেছে, তার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ প্রকাশের দাবি জানিয়েছে ছাত্রশিবির।
সংগঠনটির নেতারা বলেন, আহতদের ছবি, ঘটনার সপক্ষে প্রমাণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সুনির্দিষ্ট নাম-পরিচয় ছাড়া এ ধরনের অভিযোগ রাজনৈতিক অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির শামিল। অতীতেও বিভিন্ন ঘটনার দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর প্রবণতা দেখা গেছে বলে দাবি করেন তারা। জাতীয় ছাত্রশক্তির বক্তব্যেও একই প্রবণতার প্রতিফলন ঘটছে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।
বিবৃতিতে ছাত্রশিবির আরও জানায়, সংগঠনটির কোনো পর্যায়ের জনশক্তির বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক নীতিমালা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিসিটিভি ফুটেজ যাচাই করে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানানো হয়। পাশাপাশি জাতীয় ছাত্রশক্তিকে ভিত্তিহীন অভিযোগ ও দায় চাপানোর রাজনীতি পরিহার করে ছাত্রবান্ধব এবং গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানান ছাত্রশিবিরের নেতারা।